যুক্তরাষ্ট্রে স্কাইডাইভারবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১২
যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভার বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভার বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকালে বাটলার শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বিমান চলাচল কর্তৃপক্ষ।
বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, বিমানটি সকাল ১১টা ২০ মিনিটের দিকে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্কাইডাইভিং কার্যক্রম পরিচালনার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান বিমানটি ভাড়া নিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে স্কাইডাইভারদের লাফ দেওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে সমস্যা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাতে জানা যায়, বিমানটি প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয়। একপর্যায়ে এটি হঠাৎ বাম দিকে মোড় নেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে একটি খোলা এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনাস্থলেই বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়।
বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না। স্থানীয়ভাবে পরিচালিত একটি স্কাইডাইভিং ফ্লাইট হিসেবে এটি ব্যবহৃত হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পতিত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের। বিমানটি রানওয়ে ছাড়ার কিছু সময়ের মধ্যেই বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি, ইঞ্জিন সমস্যা অথবা নিয়ন্ত্রণজনিত কোনো জটিলতা দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হলেও এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য উদ্ধারকারী দল আশপাশের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনাটি আরও হৃদয়বিদারক হয়ে ওঠে কারণ নিহতদের কয়েকজনের স্বজন ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিলেন এবং তারা পুরো ঘটনা প্রত্যক্ষ করেন। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
কানসাস সিটি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত বাটলার শহরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
