তারকা শেফ নান্দু জুবানির খাবার এখন সিঙ্গাপুর এয়ারলাইন্সে

যাত্রীদের আকাশপথের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নতুন উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স

যাত্রীদের আকাশপথের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নতুন উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। স্পেনের খ্যাতিমান মিশেলিন-তারকা শেফ নান্দু জুবানিকে অতিথি শেফ হিসেবে নিয়োগ দিয়েছে বিমান সংস্থাটি। বার্সেলোনা-সিঙ্গাপুর রুটের ২০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে।

কাতালুনিয়ার ক্যালদেতেনেস অঞ্চলের বাসিন্দা নান্দু জুবানি স্পেনের অন্যতম পরিচিত রন্ধনশিল্পী। তাঁর বিখ্যাত রেস্তোরাঁ ‘ক্যান জুবানি’ দীর্ঘদিন ধরে মিশেলিন তারকার মর্যাদা ধরে রেখেছে। ঐতিহ্যবাহী কাতালান খাবারকে আধুনিক উপস্থাপনায় পরিবেশনের জন্য তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের জনপ্রিয় ‘বুক দ্য কুক’ কর্মসূচির আওতায় জুবানির বিশেষভাবে তৈরি মেনু এখন যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই সেবা মূলত স্যুটস, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস এবং প্রিমিয়াম ইকোনমি শ্রেণির যাত্রীদের জন্য প্রযোজ্য। যাত্রীরা ভ্রমণের আগেই নিজেদের পছন্দের খাবার নির্বাচন করতে পারেন।

উড়োজাহাজে খাবারের স্বাদ বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। উচ্চ আকাশে কম বায়ুচাপ ও শুষ্ক পরিবেশের কারণে মানুষের স্বাদ গ্রহণের ক্ষমতা কমে যায়। এই বিষয়টি মাথায় রেখে জুবানি তাঁর মেনু তৈরি করেছেন। তিনি জানান, শুধু লবণ বা মসলা বাড়িয়ে নয়, বরং জটিল ও ভারসাম্যপূর্ণ স্বাদের সমন্বয় ঘটিয়ে খাবারগুলো প্রস্তুত করা হয়েছে যাতে আকাশেও সেগুলো সুস্বাদু লাগে।

জুবানির তৈরি বিশেষ মেনুর মধ্যে রয়েছে কাঁকড়া ও সিরাচা মেয়োনিজ দিয়ে ভরা হাতে তৈরি জুকিনি রোল, টমেটো সালসা ও সবজির সাজসজ্জাসহ পরিবেশিত একটি আকর্ষণীয় স্টার্টার। প্রধান খাবার হিসেবে রাখা হয়েছে কাতালান ধাঁচের ‘বাকাল্লা’ বা টমেটো সসে রান্না করা লবণাক্ত কড মাছ, যার সঙ্গে রয়েছে কিশমিশ, ভাজা পাইন নাটস, লাল মরিচ এবং সেদ্ধ ডিম।

ডেজার্টে পরিবেশন করা হচ্ছে স্পেনের জনপ্রিয় বেকড চিজকেক ‘পাস্তিস দে ফরমাতগে’, যা জুবানির নিজস্ব গোপন রেসিপি অনুসারে প্রস্তুত। এছাড়াও যেসব যাত্রী বিশেষ মেনু আগে থেকে বুক করেননি, তাদের জন্যও স্প্যানিশ অনুপ্রাণিত নানা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের স্পেন ও পর্তুগালের মহাব্যবস্থাপক কেভিন লি বলেন, বার্সেলোনা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। তাই কাতালুনিয়ার অন্যতম সেরা শেফের সঙ্গে কাজ করা ছিল স্বাভাবিক সিদ্ধান্ত। তিনি মনে করেন, এই উদ্যোগ যাত্রীদের কাছে কাতালান সংস্কৃতি ও রন্ধন ঐতিহ্যের একটি অনন্য অভিজ্ঞতা পৌঁছে দেবে।

নতুন এই মেনুর মাধ্যমে সিঙ্গাপুর এয়ারলাইন্স আবারও প্রমাণ করল যে, তারা শুধু যাত্রী পরিবহনেই নয়, আকাশে বিশ্বমানের খাদ্য অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.