এশিয়ায় কার্গো পরিবহন বাড়াচ্ছে এমিরেটস
এমিরেটস স্কাইকার্গো পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে তাদের কার্গো পরিবহন নেটওয়ার্ক আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে।
এমিরেটস স্কাইকার্গো পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে তাদের কার্গো পরিবহন নেটওয়ার্ক আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। ক্রমবর্ধমান রপ্তানি চাহিদা মোকাবিলায় প্রতিষ্ঠানটি নতুন গন্তব্য যুক্ত করার পাশাপাশি বিভিন্ন রুটে ফ্রেইটার (কার্গোবাহী) ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে। এর মাধ্যমে এশিয়ার গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রগুলোকে দুবাইয়ের সঙ্গে এবং সেখান থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করা হবে।
এমিরেটস স্কাইকার্গোর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১২টি বাজার থেকে ৪ লাখ ৩৯ হাজার টনেরও বেশি পণ্য পরিবহন করা হয়েছে। আগের বছরের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ বেশি। এই প্রবৃদ্ধির ধারাবাহিকতায় টোকিও নারিতা, হংকং, ঝেংঝৌ, সিঙ্গাপুর, তাইপেই ও হ্যানয়সহ একাধিক গুরুত্বপূর্ণ গন্তব্যে কার্গো সেবা জোরদার করা হচ্ছে।
এমিরেটস স্কাইকার্গোর ডিভিশনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদর আব্বাস বলেন, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকে উচ্চ প্রযুক্তির পণ্য, ওষুধ, দ্রুত নষ্ট হওয়া খাদ্যপণ্য এবং ই-কমার্স খাতের বিপুল পরিমাণ পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। অতিরিক্ত ফ্রেইটার ফ্লাইট ও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে রপ্তানিকারকদের জন্য দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে টোকিও নারিতা রুটে ফ্রেইটার ফ্লাইটের সংখ্যা সপ্তাহে একবার থেকে বাড়িয়ে দুইবার করা হয়েছে। এর ফলে জাপানের অটোমোবাইল, ইলেকট্রনিক্স ও ওষুধ শিল্পের রপ্তানি কার্যক্রম আরও গতি পাবে। হংকংয়ে বর্তমানে এমিরেটস স্কাইকার্গো প্রতি সপ্তাহে ৩৭টি ফ্রেইটার ফ্লাইট পরিচালনা করছে, যা প্রতিষ্ঠানটির সবচেয়ে ব্যস্ত রপ্তানি করিডরগুলোর একটি।
চীনের হেনান প্রদেশের শিল্পনগরী ঝেংঝৌ থেকেও সপ্তাহে তিনটি ফ্রেইটার ফ্লাইট চালু করা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরে পুনরায় কার্গো সেবা শুরু হয়েছে, যেখানে সপ্তাহে একটি ফ্রেইটার ফ্লাইট মুম্বাই হয়ে দুবাইয়ে পরিচালিত হবে। তাইওয়ানের তাইপেই রুটে কার্গো পরিবহন সক্ষমতা দ্বিগুণ করে সপ্তাহে দুটি ফ্রেইটার ফ্লাইট চালু করা হয়েছে।
অন্যদিকে ব্যাংককে সপ্তাহে একটি এবং ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সপ্তাহে চারটি ফ্রেইটার ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। এসব রুটের মাধ্যমে প্রযুক্তিপণ্য, কৃষিপণ্য, ফ্যাশন সামগ্রী ও ভোক্তা পণ্য বিশ্বের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া হচ্ছে।
ফ্রেইটার সেবার পাশাপাশি এমিরেটস তাদের প্রশস্ত দেহবিশিষ্ট যাত্রীবাহী উড়োজাহাজের কার্গো ধারণক্ষমতাও ব্যবহার করছে। বর্তমানে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে প্রতি সপ্তাহে ৩২০টিরও বেশি যাত্রীবাহী ফ্লাইটের মাধ্যমে অতিরিক্ত কার্গো পরিবহন সুবিধা প্রদান করছে প্রতিষ্ঠানটি। এই সম্প্রসারণের ফলে এশিয়ার উৎপাদন ও রপ্তানি খাতের সঙ্গে বৈশ্বিক বাজারের সংযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
