ডানায় ফাটল ধরা পড়ায় ১৬টি এ৩৮০ বিমানে জরুরি পরিদর্শন শুরু

এয়ারবাস তাদের এ৩৮০ সুপারজাম্বো উড়োজাহাজের ডানার একটি গুরুত্বপূর্ণ অংশে ফাটল শনাক্ত হওয়ার পর বিশ্বের ১৬টি এ৩৮০ বিমানে বিশেষ পরিদর্শনের ঘোষণা দিয়েছে।

এয়ারবাস তাদের এ৩৮০ সুপারজাম্বো উড়োজাহাজের ডানার একটি গুরুত্বপূর্ণ অংশে ফাটল শনাক্ত হওয়ার পর বিশ্বের ১৬টি এ৩৮০ বিমানে বিশেষ পরিদর্শনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে পাঁচটি বিমানকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হবে। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ডানার কাঠামোগত অংশে ফাটল শনাক্ত হওয়ার পর জরুরি পরিদর্শনের নির্দেশ দেয়।

এয়ারবাস জানিয়েছে, ফাটলটি ডানার ‘উইং স্পার’ নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ কাঠামোগত বিমে পাওয়া গেছে। এই অংশটি উড্ডয়নের সময় ডানার ওপর পড়া বায়ুগতীয় চাপ বহন করে এবং পুরো ডানার শক্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের ত্রুটি বিমানের নিরাপদ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

পরিদর্শনের আওতায় থাকা ১৬টি বিমানের মধ্যে ১৫টি পরিচালনা করছে এমিরেটস এবং একটি পরিচালনা করছে ক্যান্টাস। প্রথম ধাপে এমিরেটসের পাঁচটি বিমান অবিলম্বে পরীক্ষা করা হবে। এমিরেটস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এসব পরিদর্শন শুরু হবে এবং প্রয়োজনীয় মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিমানগুলো পুনরায় সেবায় ফিরবে না। একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি কমাতে এয়ারবাস ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানিয়েছে সংস্থাটি।

বর্তমানে এ৩৮০ উড়োজাহাজ ব্যবহার করছে এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, ক্যান্টাস, লুফথানসা, কাতার এয়ারওয়েজ, কোরিয়ান এয়ার, ইতিহাদ এয়ারওয়েজ, এএনএ এবং এশিয়ানা এয়ারলাইন্স। এর মধ্যে এমিরেটস বিশ্বের সবচেয়ে বড় এ৩৮০ বহরের মালিক এবং বর্তমানে সচল থাকা এ৩৮০ বিমানের অর্ধেকেরও বেশি তাদের বহরে রয়েছে। যদিও এয়ারবাস ২০২১ সালে এ৩৮০ উড়োজাহাজের উৎপাদন আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়।

এয়ারবাসের একজন মুখপাত্র জানান, যেসব বিমানের উৎপাদন ইতিহাস একই ধরনের, সেগুলো শনাক্ত করা হয়েছে এবং পরিদর্শনের ফলাফলের ভিত্তিতে ইএএসএর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় মেরামতের সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি ১১টি বিমানও নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ পরবর্তী ১৩টি ফ্লাইটের আগেই পরীক্ষা সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, এ৩৮০ উড়োজাহাজে ডানা-সংক্রান্ত সমস্যা এই প্রথম নয়। ২০১২ সালেও ডানার অভ্যন্তরীণ কাঠামোর সঙ্গে বাইরের অংশ সংযুক্তকারী ব্র্যাকেটে ফাটল ধরা পড়ার পর ইএএসএ বিশ্বজুড়ে সব এ৩৮০ বিমানে বিশেষ পরিদর্শনের নির্দেশ দিয়েছিল। পরে এয়ারবাস নকশাগত পরিবর্তনের মাধ্যমে সেই সমস্যা সমাধান করে। নতুন এই পরিদর্শন কর্মসূচিও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN