চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সরকারি ও কূটনৈতিক প্রতিনিধিদলের সদস্যরা। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং দলের শীর্ষ নেতারাও তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন।

এর আগে গত ২১ জুন রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, জনশক্তি রপ্তানি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। মালয়েশিয়ার বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ২২ জুন বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন তিনি।

চীন সফরকালে প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে দুই দেশের বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা, শিল্পায়ন এবং কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সফরের শেষ দিনে শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু, আঞ্চলিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশ ও চীনের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করবে এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে সরকার আঞ্চলিক সহযোগিতা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.