এইচবি এভিয়েশন ও বিএসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এইচবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট এবং বাংলাদেশ এভিয়েশন কমিউনিটি (বিএসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ঢাকায় এভিয়েশন ও পর্যটন খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এইচবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট এবং বাংলাদেশ এভিয়েশন কমিউনিটি (বিএসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ঢাকা শাখায় অনুষ্ঠিত “এইচবি ক্যারিয়ার টক – সেমিনার ৫” অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

গত ২৬ জুন আয়োজিত এই সেমিনারে এভিয়েশন ও পর্যটন খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী এবং খাত-সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে বিমান পরিবহন শিল্পের বর্তমান চাহিদা, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তরুণদের এভিয়েশন খাতে সফল ক্যারিয়ার গড়া সম্ভব।

সেমিনারে গ্রাহকসেবা, পেশাগত শৃঙ্খলা, যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা, ট্রাভেল এজেন্সির কার্যক্রম, বিমানবন্দরে বিভিন্ন ধরনের চাকরির সুযোগ, কর্মক্ষেত্রে নৈতিকতা এবং দক্ষতা বৃদ্ধির কার্যকর কৌশল নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাস্তব কর্মপরিবেশে সফলভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় আচরণ, যোগাযোগ দক্ষতা এবং পেশাদারিত্বের গুরুত্বও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ডিউটি ম্যানেজার এবং বাংলাদেশ এভিয়েশন কমিউনিটির সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন রেজা। এছাড়া বাংলাদেশ এভিয়েশন কমিউনিটির উপদেষ্টা ও সহ-সভাপতি মিসবাহ আল আহমেদ মজুমদার, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধি রবিউল আউয়াল সাজালসহ এভিয়েশন খাতের আরও কয়েকজন অভিজ্ঞ পেশাজীবী বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ছিল বাংলাদেশ এভিয়েশন কমিউনিটি (বিএসি) এবং এইচবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। এতে বিএসির পক্ষে সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন রেজা এবং এইচবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাকি এস. বারী স্বাক্ষর করেন।

এই সমঝোতার আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে বিমানবন্দর পরিদর্শন, ক্যারিয়ার কর্মশালা, শিল্পবিষয়ক সেমিনার, এয়ারপোর্ট লাউঞ্জ অভিজ্ঞতা, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং অন্যান্য ব্যবহারিক কর্মসূচির আয়োজন করবে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন এবং পর্যটন শিল্পে প্রতিযোগিতামূলক কর্মজীবন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN