ভিসানীতিতে ৬ ধরনের বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ২০২৬ সালে ভিসানীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

সংযুক্ত আরব আমিরাত ২০২৬ সালে ভিসানীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যার লক্ষ্য দেশটিতে ভ্রমণ, বিনিয়োগ, চিকিৎসাসেবা গ্রহণ এবং বসবাসের প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করা। নতুন নীতিমালায় অন-অ্যারাইভাল ভিসার সম্প্রসারণ, দ্রুত পর্যটন ভিসা, রেসিডেন্সি ভিসার শর্ত শিথিল, স্মার্ট মেডিকেল ভিসা চালু এবং বিশেষ পরিস্থিতিতে জরিমানা মওকুফের মতো সুবিধা যুক্ত হয়েছে। তবে একই সঙ্গে ইবোলা-আক্রান্ত কয়েকটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) অন-অ্যারাইভাল ভিসার সুবিধা আরও সম্প্রসারণ করেছে। আগে এই সুবিধা মূলত ভারতীয় নাগরিকদের জন্য সীমিত ছিল। এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও ১৪ ও ৬০ দিনের অন-অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার নাগরিকদের জন্যও এই সুবিধা অব্যাহত থাকবে।

পর্যটকদের সুবিধার্থে দুবাইয়ে নতুন দ্রুত ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে। এখন অনুমোদিত ট্রাভেলজ এজেন্সির মাধ্যমে আবেদন করলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই একবার প্রবেশের পর্যটন ভিসা পাওয়া যাবে। এই ভিসার মেয়াদ হবে ৩০ থেকে ৬০ দিন, যা আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ পরিকল্পনা আরও সহ করবে।

বিনিয়োগকারীদের জন্য দুই বছর মেয়াদি রেসিডেন্সি ভিসার নিয়মেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে নির্দিষ্ট পরিমাণ মূল্যের সম্পত্তি থাকা বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে সেই সর্বনিম্ন সম্পত্তি মূল্যের শর্ত তুলে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীর নামে আমিরাতে একক মালিকানাধীন সম্পত্তি থাকতে হবে। আর যৌথ মালিকানার ক্ষেত্রে আবেদনকারীর অংশের সম্পদের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে।

এছাড়া সাম্প্রতিক আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বিঘ্নের কারণে যেসব বিদেশি নির্ধারিত সময়ের বেশি আমিরাতে অবস্থান করেছেন, তাদের জন্য ৩০ দিনের ওভারস্টে জরিমানা মওকুফ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ভিসাধারীদের ৯ জুলাইয়ের মধ্যে আবেদন করে অবস্থান বৈধ করতে অথবা দেশ ত্যাগ করতে হবে।

চিকিৎসা খাতেও নতুন উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ে চিকিৎসা নিতে আসা বিদেশিদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালু করা হচ্ছে। এর মাধ্যমে ভিসা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও পরবর্তী সেবা একই সমন্বিত প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

অন্যদিকে, ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.