তৃতীয় টার্মিনাল চালুর আগে ৪০ উড়োজাহাজ যুক্ত করছে দেশের চার এয়ারলাইনস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির মধ্যেই দেশের বাণিজ্যিক বিমান পরিবহন খাতে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বহর সম্প্রসারণ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির মধ্যেই দেশের বাণিজ্যিক বিমান পরিবহন খাতে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বহর সম্প্রসারণ। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ দেশের চারটি বিমান সংস্থা ২০২৭ সালের মধ্যে লিজের মাধ্যমে মোট ৪০টি নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এতে বর্তমানে ৫১টি উড়োজাহাজের বহর বেড়ে হবে ৯১টি, অর্থাৎ প্রায় ৭৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাবে দেশের বাণিজ্যিক বিমানবহর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ও কার্গো পরিচালনা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে বিদ্যমান টার্মিনালের নকশাগত সক্ষমতা বছরে ৮০ লাখ যাত্রী হলেও ২০২৫ সালে এটি প্রায় ১ কোটি ২৭ লাখ যাত্রীকে সেবা দিয়েছে। নতুন টার্মিনাল চালু হলে বছরে আরও ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ অতিরিক্ত যাত্রী এবং প্রায় ৫ লাখ টন কার্গো পরিচালনার সক্ষমতা যুক্ত হবে।

এই সক্ষমতাকে কাজে লাগাতেই দেশীয় বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক রুট সম্প্রসারণ ও যাত্রী পরিবহন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক যাত্রীবাজারের প্রায় ৬৫ শতাংশই বিদেশি এয়ারলাইনসের নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন উড়োজাহাজ যুক্ত করে দেশীয় সংস্থাগুলো নিজেদের বাজার অংশ বাড়াতে চায়।

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে। বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে, যা বেড়ে ২৯টিতে পৌঁছাবে। ইতোমধ্যে তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ড্রাই লিজে নেওয়ার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করছে, যার আনুমানিক মূল্য ১ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার। নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পাশাপাশি জেদ্দা, মদিনা, বাহরাইন, হংকং, কলম্বো, কাঠমান্ডু ও জোহর বাহরুসহ নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে।

এয়ার অ্যাস্ট্রা বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ পরিচালনা করছে। ২০২৭ সালের মধ্যে বহর ১০টিতে উন্নীত করার লক্ষ্যে তারা দুটি নতুন টার্বোপ্রপ ও চারটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ লিজ নেবে। একই সময়ে নভোএয়ারও তিনটি নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করে দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, তৃতীয় টার্মিনাল চালুর ফলে সৃষ্ট নতুন সক্ষমতা কাজে লাগাতে এই বহর সম্প্রসারণ অত্যন্ত সময়োপযোগী। তবে দীর্ঘমেয়াদে শুধু নতুন টার্মিনাল নয়, দেশের ক্রমবর্ধমান বিমান চলাচলের চাহিদা পূরণে ভবিষ্যতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রয়োজন হতে পারে বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN