মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইউএই থেকে একাধিক ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের আকাশপথে আবারও অস্থিরতা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের আকাশপথে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিমান চলাচলেও। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিভিন্ন এয়ারলাইন্স একাধিক ফ্লাইট বাতিল ও সময়সূচিতে পরিবর্তন এনেছে। ফলে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানবন্দর ও আকাশসীমা এখনো চালু থাকলেও নিরাপত্তাজনিত কারণে অনেক এয়ারলাইন্স বিকল্প রুট ব্যবহার করছে। এতে কিছু ফ্লাইটের যাত্রাসময়ে এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত বিলম্ব হতে পারে। এছাড়া শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল, সংযোগ ফ্লাইটে অপেক্ষার সময় বৃদ্ধি এবং লাগেজ সরবরাহে দেরির মতো সমস্যাও দেখা দিতে পারে।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় জর্ডানে মার্কিন সেনা অবস্থান লক্ষ্য করে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের পাল্টা বিমান হামলার মাধ্যমে। ইরানের কেশম দ্বীপ ও খুজেস্তানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর জেরে বৈশ্বিক বাজারে তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে। ভ্রমণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে অনেক যাত্রী আপাতত ভ্রমণের বুকিং স্থগিত রাখছেন।

Etihad Airways আবুধাবি-বাহরাইন রুটের সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করেছে। এছাড়া আবুধাবি-কুয়েত রুটের EY653 এবং EY654 ফ্লাইটও বাতিল করা হয়েছে। অন্যদিকে ২৯ জুলাই আবুধাবি থেকে ডাবলিনগামী EY047 ফ্লাইটটি প্রযুক্তিগত সমস্যার কারণে উড্ডয়নের কিছুক্ষণ পর ফিরে আসে। পরে বিকল্প উড়োজাহাজে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।

flydubai দুবাই-আভা রুটের FZ811FZ815 ফ্লাইট বাতিল করেছে। Air Arabia বাতিল করেছে শারজাহ-কুয়েত, শারজাহ-বাহরাইন এবং শারজাহ-আভা রুটের একাধিক ফ্লাইট। এছাড়া Gulf Air দুবাই-বাহরাইন ও বাহরাইন-দুবাই রুটের কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে।

এদিকে Qatar Airways জানিয়েছে, বাহরাইন, কুয়েত ও ইরবিলগামী যাত্রীবাহী ফ্লাইট ৩১ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। Saudia অক্টোবরের শেষ পর্যন্ত সব ফ্লাইট পরিবর্তনের তথ্য তাদের সংরক্ষণ ব্যবস্থায় হালনাগাদ করেছে, যাতে যাত্রীরা সর্বশেষ সময়সূচি দেখতে পারেন।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে British Airways, Singapore Airlines, Lufthansa, KLM, Cathay Pacific, Air Canada, Swiss, ITA Airwaysসহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সও বিভিন্ন গন্তব্যে ফ্লাইট স্থগিত বা সীমিত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (EASA) উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারকারী এয়ারলাইন্সগুলোকে ৩১ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনার আহ্বান জানিয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN