লন্ডন স্ট্যানস্টেডে ২০ লাখ যাত্রীর মাইলফলক ছুঁল এমিরেটস

লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে দুই মিলিয়ন যাত্রী পরিবহনের মাইলফলক অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা এমিরেটস।

লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে দুই মিলিয়ন যাত্রী পরিবহনের মাইলফলক অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা এমিরেটস। ২০১৮ সালে এই বিমানবন্দর থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরুর পর আট বছরে এ সাফল্য অর্জন করেছে এয়ারলাইনটি। যুক্তরাজ্যে এমিরেটসের তৃতীয় লন্ডন গেটওয়ে হিসেবে স্ট্যানস্টেড এখন গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

মাইলফলক উদ্‌যাপনের অংশ হিসেবে এমিরেটসের ইকে৬৬ ফ্লাইটের এক যাত্রী জিন ফস্টেলকে বিশেষ উপহার দেওয়া হয়। তাকে বিজনেস ক্লাসে আপগ্রেড করার পাশাপাশি Emirates Skywards Gold সদস্যপদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি বিনামূল্যে লাউঞ্জ ব্যবহারের সুবিধা, অতিরিক্ত লাগেজ, বিনামূল্যে আসন নির্বাচন এবং বোনাস Skywards Miles-এর মতো বিভিন্ন সুবিধা পাবেন।

একই ফ্লাইটের আরও ১১ জন যাত্রীকে Emirates Skywards Silver সদস্যপদে উন্নীত করা হয়েছে। তারা দুবাইয়ে বিজনেস ক্লাস লাউঞ্জ ব্যবহারের সুবিধা, অতিরিক্ত লাগেজ এবং বোনাস মাইলসহ বিভিন্ন সুবিধা পাবেন।

এমিরেটস জানিয়েছে, গত আট বছরে লন্ডন স্ট্যানস্টেড তাদের যুক্তরাজ্য নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে হয়ে উঠেছে। এই বিমানবন্দর লন্ডনের পাশাপাশি এসেক্স, হার্টফোর্ডশায়ার, কেমব্রিজ ও ইস্ট অ্যাংলিয়া অঞ্চলের যাত্রীদের দুবাইয়ের সঙ্গে যুক্ত করছে।

দুবাই পৌঁছে যাত্রীরা এমিরেটসের নেটওয়ার্ক ব্যবহার করে এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ৫২টি পর্যন্ত গন্তব্যে যেতে পারেন। স্ট্যানস্টেড থেকে ভ্রমণকারী প্রায় ৩০ শতাংশ যাত্রীর চূড়ান্ত গন্তব্য দুবাই। বাকি প্রায় ৭০ শতাংশ যাত্রী দুবাই হয়ে অন্য গন্তব্যে যান। ভারত, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও মরিশাস এসব যাত্রীর জনপ্রিয় গন্তব্য।

২০১৮ সালে স্ট্যানস্টেড-দুবাই রুটে দৈনিক একটি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু করেছিল এমিরেটস। রুটটির জনপ্রিয়তা বাড়ায় এক বছরের মধ্যেই ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দিনে দুটি করা হয়। বর্তমানে Boeing 777-300ER উড়োজাহাজ দিয়ে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। এসব বিমানে ফার্স্ট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি—চার ধরনের কেবিন রয়েছে।

যাত্রীসেবা উন্নয়নে স্ট্যানস্টেডে বিনিয়োগও করেছে এমিরেটস। ২০২৪ সালে সেখানে প্রায় ৯০০ বর্গমিটারের নিজস্ব লাউঞ্জ চালু করা হয়। এতে বিনিয়োগ হয়েছে ৪ মিলিয়ন পাউন্ডের বেশি এবং একসঙ্গে ১২৫ জন অতিথিকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।

এ ছাড়া স্ট্যানস্টেড থেকে বছরে প্রায় ২৫ হাজার টন কার্গো পরিবহন করে Emirates SkyCargo। ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা সরঞ্জাম, উচ্চমূল্যের পণ্য ও শিল্পযন্ত্র এসব কার্গোর মধ্যে রয়েছে। যাত্রী ও কার্গো—দুই ক্ষেত্রেই স্ট্যানস্টেডে এমিরেটসের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারণের সম্ভাবনা তৈরি করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.