শাহজালালে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে তিন যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেটের পাশাপাশি একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার সিআইআইডির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের সি-শিফটের কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে শারজাহ থেকে ঢাকায় আসা জি৯ ৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে মোহাম্মাদ শাহিন নামে এক যাত্রীর ব্যাগেজে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটের সন্ধান পাওয়া যায়। তার ব্যাগেজ থেকে মোট ৩২০ কার্টন সিগারেট জব্দ করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপও জব্দ করেন সিআইআইডির কর্মকর্তারা।

একই ফ্লাইটের আরেক যাত্রী কে এম ফজল হকের ব্যাগেজ তল্লাশি করে ১২৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তার ব্যাগেজ থেকে একটি ল্যাপটপও জব্দ করা হয়েছে। এছাড়া বেলায়েত ভুঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন বিদেশি সিগারেট এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইআইডি জানিয়েছে, তিন যাত্রীর কাছ থেকে সব মিলিয়ে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

কাস্টমস কর্তৃপক্ষের মতে, বিমানবন্দরের ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিদেশি পণ্য দেশে আনার চেষ্টা ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ ধরনের তল্লাশির মাধ্যমে চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

সিআইআইডির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বিদেশি পণ্য দেশে আনার যেকোনো প্রচেষ্টা শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.