বিমানবন্দরে চালক সেজে প্রবাসীদের সর্বস্ব লুট

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গাড়ি নিয়ে চালক সেজে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গাড়ি নিয়ে চালক সেজে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)। বিদেশফেরত প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোবাস বা প্রাইভেট কারে তুলে নিতেন তিনি। পরে নির্জন বা সুবিধাজনক স্থানে নিয়ে পরিকল্পিতভাবে তাঁদের টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে বিভিন্ন স্থানে নামিয়ে দেওয়া হতো। দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা ও ছিনতাই করে আসছিলেন বলে অভিযোগ পুলিশের।

অবশেষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে আলামিন শেখকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে এ ঘটনায় বিস্তারিত জানাতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, আলামিন শেখের বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি চায়নিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার চাকু, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ১৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, তিনটি আইফোন, চারটি ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি এবং ১১টি মানিব্যাগ। এছাড়া বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট ও বাংলাদেশি নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন শেখ দীর্ঘদিন ধরে রাজধানীর বিমানবন্দর এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে বিদেশফেরত প্রবাসীদের লক্ষ্য করে চালক পরিচয়ে যাত্রী পরিবহনের সুযোগ নিতেন আলামিন। গাড়িতে ওঠানোর পর সুযোগ বুঝে তাঁদের সঙ্গে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেওয়া হতো। এভাবে দীর্ঘদিন ধরে তিনি অপরাধ চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, গোয়েন্দা শাখার পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন মুকসুদপুর থানার হরিশ্চর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবির অপর একটি দল। পুলিশ সুপার জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.