সিলেটের আকাশে নতুন যুগ, বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইট
দীর্ঘ প্রায় আট বছরের বিরতির পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে।
দীর্ঘ প্রায় আট বছরের বিরতির পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। গত ১ সেপ্টেম্বর ওমানভিত্তিক সালামএয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি যাত্রী পরিবহন শুরু করায় সিলেট অঞ্চলের আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বর্তমানে সপ্তাহে তিন দিন সিলেট থেকে মাস্কাটে ফ্লাইট পরিচালনা করছে সালামএয়ার। তবে যাত্রী চাহিদা ও রুটের সম্ভাবনা বিবেচনায় আগামী অক্টোবর থেকে সপ্তাহে পাঁচ দিন এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির।
বর্তমানে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট থেকে মাস্কাটে সালামএয়ারের সরাসরি ফ্লাইট চলাচল করছে। এয়ারবাস এ৩২১ উড়োজাহাজে পরিচালিত ওভি-৪২২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মাস্কাটে যাচ্ছে। ফলে সিলেট বিভাগের যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য ঢাকা হয়ে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের জন্য সরাসরি মাস্কাট ফ্লাইট চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওমানপ্রবাসী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য সরাসরি বিমান যোগাযোগ সময় ও যাতায়াত খরচ কমানোর পাশাপাশি ভোগান্তিও কমাবে।
শুধু সালামএয়ার নয়, সিলেট থেকে আরও কয়েকটি আন্তর্জাতিক রুট চালুর সম্ভাবনাও তৈরি হয়েছে। এয়ার আরাবিয়া, ফ্লাইদুবাইসহ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে। এসব এয়ারলাইন্স ফ্লাইট চালু করলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক রুট ও ফ্লাইট সংখ্যা আরও বাড়বে।
সালামএয়ারের নিয়মিত ফ্লাইট চালুর প্রথম দিন গত ১ সেপ্টেম্বর সকালে ১৩৩ জন যাত্রী নিয়ে মাস্কাট থেকে একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ২২৪ জন যাত্রী নিয়ে সেটি সিলেট থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। এ উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১ এপ্রিল দুবাইভিত্তিক ফ্লাইদুবাই প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছিল। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে তারা সিলেটের ফ্লাইট বন্ধ করে দেয়। এরপর প্রায় আট বছর কোনো বিদেশি এয়ারলাইন্স নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি। সালামএয়ারের সিলেট-মাস্কাট রুট চালুর মধ্য দিয়ে দীর্ঘ এই বিরতির অবসান হয়েছে। নতুন নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে সিলেটের সঙ্গে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।