বাংলাদেশের বোয়িং চুক্তি নিয়ে ট্রাম্পের পোস্ট

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তিকে কেন্দ্র করে বাংলাদেশ ও তুরস্কের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের উড়োজাহাজ কেনার চুক্তির দিনটিকে প্রতিষ্ঠানটির জন্য ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি এ চুক্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, রপ্তানি ও কর্মসংস্থানের জন্য বড় সাফল্য হিসেবে তুলে ধরেন।

ট্রাম্প তার পোস্টে জানান, বোয়িং ও মার্কিন প্রস্তুতকারক খাতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। মার্কিন বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহায়তায় তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার বিকল্প সুযোগ রাখা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, এই বিশাল অঙ্কের বিক্রয়চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ রপ্তানি বাড়বে এবং দেশজুড়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে। বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রিকে তিনি মার্কিন উৎপাদন খাতের জন্য ইতিবাচক হিসেবে তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রে উৎপাদন ও মার্কিন শ্রমিকদের সমর্থনের ওপর জোর দিয়ে ট্রাম্প বলেন, বোয়িং এবং তিনি শুরু থেকেই যে বিষয়টি জানতেন, বাজার এখন সেটিই স্বীকার করছে। যুক্তরাষ্ট্রে উৎপাদন, যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি এবং মার্কিন শ্রমিকদের সমর্থন করলে প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান ট্রাম্প।

এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার জন্য সম্পূরক চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বিমান। নতুন ১১টি যুক্ত হওয়ায় সাম্প্রতিক সময়ে বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের মোট উড়োজাহাজ কেনার সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে। এর মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের প্রক্রিয়া আরও এগিয়ে যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.