জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় পৌঁছায়। এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের সফরে তিনি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।

সফরকালে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেন। পাশাপাশি সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে সফরকালে তিনি ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ছিল জাতিসংঘ-সংশ্লিষ্ট কর্মসূচি, উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন। জাতিসংঘের কর্মসূচির বাইরে তিনি অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান উল্লেখযোগ্য। এসবের কয়েকটিতে তিনি বক্তব্যও দেন।

প্রধানমন্ত্রীর দেশে ফেরার মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের উচ্চপর্যায়ের অংশগ্রহণের এই পর্ব শেষ হলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.