টার্কিশ এয়ারলাইন্সের সেবা প্রচারে গলফহাউসের সঙ্গে চুক্তি
প্রচার কার্যক্রম বাড়ানো এবং করপোরেট সেবায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সমঝোতা স্মারক সই করেছে টার্কিশ এয়ারলাইন্স ও গলফহাউস।
প্রচার কার্যক্রম বাড়ানো এবং করপোরেট সেবায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সমঝোতা স্মারক সই করেছে টার্কিশ এয়ারলাইন্স ও গলফহাউস। সোমবার (১২ অক্টোবর) ঢাকায় গলফহাউসের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।
চুক্তি অনুযায়ী, বিভিন্ন প্রচারমূলক উদ্যোগের মাধ্যমে টার্কিশ এয়ারলাইন্সের সেবা তুলে ধরবে গলফহাউস। পাশাপাশি প্রতিষ্ঠানটির নিজস্ব গ্রাহক ও ব্যবসায়িক যোগাযোগের পরিসর ব্যবহার করে বিমান সংস্থাটির সেবা সম্পর্কে তথ্য প্রচার করা হবে। এর ফলে গলফের সঙ্গে সংশ্লিষ্ট গলফার, পাঠক, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের কাছে নিজেদের সেবা পৌঁছে দেওয়ার সুযোগ পাবে টার্কিশ এয়ারলাইন্স।
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথের যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিমান সংস্থাটি। বর্তমানে ঢাকা–ইস্তাম্বুল পথে সপ্তাহে সাতটি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে টার্কিশ এয়ারলাইন্স। ইস্তাম্বুলকে কেন্দ্র করে সংস্থাটির বিস্তৃত আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে যাত্রীরা বিশ্বের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পান। এ ছাড়া টার্কিশ কার্গো সপ্তাহে দুটি পণ্যবাহী ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইট বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাজারের বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণে ভূমিকা রাখছে।
খেলাধুলা ও ক্রীড়াবিদদের পৃষ্ঠপোষকতায়ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে টার্কিশ এয়ারলাইন্স। এর মধ্যে উল্লেখযোগ্য আন্তর্জাতিক অপেশাদার গলফ প্রতিযোগিতা ‘টার্কিশ এয়ারলাইন্স ওয়ার্ল্ড গলফ কাপ’। গলফের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে খেলাটির প্রসারেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
টার্কিশ এয়ারলাইন্সের নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে একজন যাত্রী এক সেট গলফ সরঞ্জাম বিনা খরচে বহন করতে পারবেন। তবে এ সুবিধা গ্রহণের ক্ষেত্রে আগাম বুকিং এবং সরঞ্জাম পরিবহনের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা মহাব্যবস্থাপক ইসলাম গুরে এবং মার্কেটিং অফিসার (ইন্টারন্যাশনাল) এজাজ কাদরি উপস্থিত ছিলেন। গলফহাউস ও গলফহাউস হোল্ডিংস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম নজরুল হোসেন এবং পরিচালক (অপারেশনস) কে এম বদিউজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
১৯৩৩ সালে মাত্র পাঁচটি উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করে টার্কিশ এয়ারলাইন্স। বর্তমানে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জোট স্টার অ্যালায়েন্সের সদস্য প্রতিষ্ঠানটির বহরে যাত্রী ও পণ্য পরিবহনের মোট ৫৬৬টি উড়োজাহাজ রয়েছে। সংস্থাটি বিশ্বের ১৩৩টি দেশের ৩৫৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।
অন্যদিকে, গলফহাউস বাংলাদেশের একটি গলফভিত্তিক গণমাধ্যম ও ব্যবসায়িক প্ল্যাটফর্ম। প্রকাশনা, টুর্নামেন্ট ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গলফার, করপোরেট ব্যক্তিত্ব, কূটনীতিক এবং সংশ্লিষ্ট খাতের অংশীদারদের সঙ্গে কাজ করে। প্রতিষ্ঠানটির প্রধান প্রকাশনা ‘দ্য গলফহাউস’ ২০১৫ সালে যাত্রা শুরু করে। সাময়িকীটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গলফবিষয়ক সংবাদ ও প্রতিবেদন প্রকাশ করে।