থার্ড টার্মিনাল চালুতে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১০ নভেম্বর) বেবিচকের পরিচালনা পর্ষদের সভায় এসব শর্ত বিস্তারিত পর্যালোচনা করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এরপর সভার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বেবিচকের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। এদিনের বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালটি সীমিত পরিসরে বা আংশিকভাবে চালুর পরিকল্পনা রয়েছে। তবে জাপানি কনসোর্টিয়ামের হাতে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ায় সরকারের দেওয়া বিভিন্ন ছাড় ও শর্ত নিয়ে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে জাতীয় স্বার্থ, রাজস্ব ভাগাভাগি, বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার পাশাপাশি সংসদীয় কমিটির বৈঠকেও আপত্তি জানানো হয়েছে। টার্মিনাল পরিচালনার দায়িত্ব, রাজস্ব বণ্টন এবং চুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ রয়েছে। এ পরিস্থিতিতে বেবিচকের বোর্ড সভায় স্পর্শকাতর শর্তগুলো পুনরায় পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার সুযোগ ধরে রাখতে সক্রিয় হয়ে উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ লক্ষ্যে সংস্থাটি বেবিচকের কাছে আনুষ্ঠানিকভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার লাইসেন্সের কার্যপরিধি সম্প্রসারণের আবেদন করেছে। গত ২৮ অক্টোবর বেবিচক চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ তৃতীয় টার্মিনালকে লাইসেন্সের আওতায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। আগামী ১৬ ডিসেম্বর থেকেই এই সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিমান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে লাগেজ সরবরাহে বিলম্ব, মালামাল হারানো, সেবার মানের দুর্বলতা, দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি নিয়ে বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইনস একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে। এসব সমস্যা সমাধান এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে তৃতীয় টার্মিনালে বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এরই মধ্যে টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য চারটি বিদেশি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানগুলো হলো সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতের ডানাটা এবং যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন। এসব প্রতিষ্ঠানের মধ্যে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও আলোচনা চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.