বিমানের বহর সম্প্রসারণ ও কার্গো সক্ষমতা বাড়াচ্ছে সরকার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করতে উড়োজাহাজের বহর সম্প্রসারণ এবং কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করতে উড়োজাহাজের বহর সম্প্রসারণ এবং কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন উড়োজাহাজ কেনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উড়োজাহাজ লিজ নেওয়া এবং পণ্য পরিবহনের জন্য বিশেষায়িত উড়োজাহাজ তৈরির পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক এভিয়েশন খাতে বিনিয়োগ ও সহযোগিতার নতুন সুযোগ খুঁজছে সরকার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য জানিয়েছেন। মঙ্গলবার, ১০ নভেম্বর দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি সরকারের এসব উদ্যোগের কথা তুলে ধরেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো।

সাক্ষাৎকালে হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তিনি উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন, লিজিং এবং এভিয়েশন সম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সাফল্যের বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের বিমান পরিবহন খাতে সম্ভাবনাময় বিনিয়োগের ক্ষেত্র নিয়েও আলোচনা করেন।

মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও শক্তিশালী, আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে উড়োজাহাজের বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন উড়োজাহাজ সরবরাহে সময় লাগবে। এ সময়ের মধ্যে পরিচালনাগত চাহিদা পূরণে প্রয়োজনীয় উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

তিনি জানান, উড়োজাহাজ লিজ নেওয়ার ক্ষেত্রে শুধু আর্থিক বিষয়কে গুরুত্ব দেওয়া হবে না। উড়োজাহাজের উড্ডয়নকাল, রক্ষণাবেক্ষণের ইতিহাস, কারিগরি সক্ষমতা এবং পরিচালনাগত বিভিন্ন দিক যথাযথভাবে যাচাই করা হবে। নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দেশের ক্রমবর্ধমান আকাশপথে পণ্য পরিবহনের চাহিদা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি উড়োজাহাজকে পণ্য পরিবহনের উপযোগী বিশেষায়িত উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কার্গো পরিবহনের সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্ত্রী বলেন, কার্গো সক্ষমতা বাড়ানো গেলে বাংলাদেশের রপ্তানিমুখী পণ্য আন্তর্জাতিক বাজারে আরও সহজে পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে বিদেশে পণ্য পরিবহনের চাহিদা পূরণ, কার্গো ব্যবস্থাপনার উন্নয়ন এবং বিমানের আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

হাইবারি গ্রুপের পক্ষ থেকে বিমান খাতের উন্নয়ন, উড়োজাহাজ লিজিং কিংবা কার্গো সক্ষমতা বৃদ্ধিতে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানিয়েছেন মন্ত্রী। এ ক্ষেত্রে দেশের স্বার্থ, আর্থিক সম্ভাব্যতা এবং দীর্ঘমেয়াদি সুফলকে প্রাধান্য দেওয়া হবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দেশের এভিয়েশন খাতের আধুনিকায়ন ও পরিচালনাগত দক্ষতা বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN