ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো আরও ৪৪ বাংলাদেশিকে
ইউরোপ থেকে অনিয়মিতভাবে প্রবেশের অভিযোগে আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
ইউরোপ থেকে অনিয়মিতভাবে প্রবেশের অভিযোগে আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪০ জন গ্রিস থেকে এবং চারজন সাইপ্রাস থেকে এসেছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমানবন্দরে পৌঁছানোর পর ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসা ৪৪ জনের মধ্যে একজন নারী রয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় তাদের বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের পুনর্বাসন এবং অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা দেওয়া হবে।
শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাংলাদেশিরা শীর্ষ অবস্থানে রয়েছেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছেন। এভাবে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। অন্যদিকে, অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় দেশগুলো দিন দিন কঠোর অবস্থান নিচ্ছে।
তিনি আরও জানান, ইউরোপের নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং অনেকের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। ফলে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেও ইউরোপে যাওয়ার স্বপ্ন শেষ পর্যন্ত ব্যর্থ হচ্ছে। তবু অনেকেই মনে করেন, যেকোনো উপায়ে ইউরোপে পৌঁছাতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান হবে। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি।
এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার জন্য অন্যদের উৎসাহিত করেছিলেন। এ কারণে বিদেশগামীদের সচেতন হওয়ার পাশাপাশি দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়।
উল্লেখ্য, অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশ করা বাংলাদেশিদের দেশে ফেরত আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। এ প্রক্রিয়ায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।
ব্র্যাকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে সবচেয়ে বেশি বাংলাদেশি ফেরত এসেছেন। দেশে ফেরার পর তাদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও অর্থনৈতিক পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগও নিচ্ছে।