থার্ড টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত জাপান

বহুল আলোচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম।

বহুল আলোচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ বিষয়ে কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ। মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে চুক্তি-সংক্রান্ত ক্রয় প্রস্তাব পরবর্তী অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সম্পাদনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবের সঙ্গে ক্রয় প্রক্রিয়ায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়ে দুটি প্রত্যয়নপত্রও সংযুক্ত করা হয়েছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষরিত এসব প্রত্যয়নপত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় বিধিমালার বিভিন্ন বিধান অনুসরণ করে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চুক্তির প্রস্তাব প্রক্রিয়াকরণে প্রচলিত আইন, বিধি ও প্রবিধান অনুসরণ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

তবে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে প্রস্তাবিত চুক্তির কয়েকটি শর্ত নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। বিশেষ করে তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং ঢাকার ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর কোনো বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও সমালোচনা হয়। কমিটির সদস্যরা প্রশ্ন তোলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের অবকাঠামো ও সক্ষমতা তখন কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজিরও আলোচনায় আসে। এতে রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত অবকাঠামোর পূর্ণ ব্যবহার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চুক্তির আর্থিক কাঠামো নিয়েও আপত্তি রয়েছে। প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, বাংলাদেশের রাজস্ব পাওয়ার কথা ২৭ শতাংশ। তবে আংশিক কার্যক্রম থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় যাওয়ার মধ্যবর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার শর্ত নিয়েও প্রশ্ন উঠেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মাশুল নিয়েও রয়েছে আলোচনা।

এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে সংস্থাটির গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্সের কার্যপরিধিতে তৃতীয় টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে মন্ত্রণালয়ের অনুমোদন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলেই জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পাদনের বিষয়টি চূড়ান্ত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.