কৃষ্ণসাগরে বিধ্বস্ত রাশিয়ার সামরিক বিমানের প্রথম ‘ব্ল্যাক বক্স’ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি উদ্ধার করে মস্কোতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “(সোমবার) রাতে তল্লাশি অভিযান চালানোর সময় বিধ্বস্ত উড়োজাহাজটির আরও পাঁচটি টুকরা খুঁজে পাওয়া যায়। সেগুলোর মধ্যে উড়োজাহাজের কাঠামো ও ইঞ্জিনের টুকরা রয়েছে।”
রোববার ৯২ জন আরোহী নিয়ে মস্কো থেকে সিরিয়ার লাতাকিয়ার উদ্দেশে রওয়ানা হওয়া টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটি জ্বালানি নিতে কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচিতে নেমেছিল।
স্থানীয় সময় ভোরে সোচি থেকে উড্ডয়নের দুই মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কৃষ্ণসাগরে উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ ও বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া যায়।
বিমানটিতে সামরিক বাহিনীর আটজন সদস্যদের পাশাপাশি নয়জন সাংবাদিক এবং রুশ সেনাবাহিনীর একটি বিখ্যাত সংগীত দলের ৬৪ সদস্য ছিলেন।
বিমানের ব্ল্যাক বক্স ও আরোহীদের মৃতদেহের সন্ধানে ঘটনার পর থেকেই অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা গেছে বলে জানিয়েছে বিবিসি।
তদন্তকারীদের ধারণা, সন্ত্রাসী হামলা নয় বরং পাইলটের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
সোচি অবকাশযাপন কেন্দ্র থেকে সমুদ্রের প্রায় এক মাইল গভীরে পানির ৫৫ ফুট নিচে ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া গেছে।
দূরনিয়ন্ত্রণ যন্ত্র পরিচালিত একটি ডুবযান সেটি খুঁজে বের করেছে। পরীক্ষার জন্য ব্ল্যাক বক্সটি প্রতিরক্ষা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, উড়োজাহাজটির দ্বিতীয় ব্ল্যাক বক্সের সন্ধানও পাওয়া গেছে। তবে সেটি এখনও সমুদ্রের তলদেশ থেকে তোলা হয়নি।