আতিফ আসলাম একজন গায়ক হওয়ার পাশাপাশি একজন নায়কের ভূমিকা পালন করলেন এবার। শনিবার করাচিতে একটি অনুষ্ঠানে গান গাইছিলেন পাকিস্তানি কণ্ঠশিল্পী আতিফ। গান গাওয়ার সময় দর্শকদের প্রথম সারিতেই একদল বখাটে একজন নারী দর্শককে উত্যক্ত করায় সঙ্গে সঙ্গে অনুষ্ঠান থামিয়ে দেন। সেই সঙ্গে বখাটেদের সেখান থেকে বিদায় করেই কনসার্ট শুরু করেন তিনি।
কিছুদিন আগেই ভারতে বর্ষবরণের রাতে নারী গণশ্লীলতাহানির শিকার হন। ঘটনাস্থল জনবহুল হলেও কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেননি। একই রকম ঘটনায় আতিফ নিজের অনুষ্ঠান বন্ধ করে রুখে দাঁড়ালেন। বিষয়টি চোখে পড়তেই সঙ্গে সঙ্গে গান থামিয়ে দেন আতিফ, হাতের ইশারায় যন্ত্রশিল্পীদেরও থামতে বলেন। শুধু অনুষ্ঠান থামিয়েই থেমে যাননি আতিফ আসলাম, এরপর বখাটেদের কাছে নিজে গিয়ে কড়া ভাষা ব্যবহার করেন আতিফ। তিনি তাদের বলেন, ‘তোমরা আগে কোনদিনও কোনও মেয়ে দেখনি? তোমাদের মা বা বোনও এই জায়গায় থাকতে পারতেন!’
এর পর তিনি সিকিউরিটির লোকজনদের নির্দেশ দেন সেই মেয়েটিকে উদ্ধার করতে। নির্দেশমতো মেয়েটিকে উদ্ধার করা হলে সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আতিফের অনুগামীরা। শুধু তাই নয়, শ্লীলতাহানীর শিকার মেয়েটিকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আতিফ।
এইদিন অনুষ্ঠানে পাকিস্তানের বিখ্যাত বর্ষীয়াণ সঙ্গীতশিল্পী আবিদা পারভিনও ছিলেন। যদিও অনুষ্ঠানে এমন ঘটনা ঘটার পরও অনুষ্ঠানের আয়োজকরা এই নিয়ে মুখ খোলেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ খবর ছড়িয়ে পড়েছে। গায়ক আতিফ আসলামের এই দৃষ্টান্তকে অভিবাদন জানাচ্ছেন বহু তারকাসহ সাধারণ মানুষেরাও।
https://www.youtube.com/watch?v=dqkWcxK3Igw