দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস তাদের কার্যক্রমের ৩০ বছর পূর্ণ করেছে। দিবসটি উপলক্ষে বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশে এমিরেটস এরিয়া ম্যানেজার খালিদ আলী জে. হাসান, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শাহী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ। এছাড়া এমিরেটসের মার্কেটিং কমিউনিকেশন্স বিভাগের সরদার খান, আঞ্চলিক ব্যবস্থাপক (বাণিজ্যিক কার্যক্রম) গৌরব পাণ্ডেসহ এয়ারলাইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খালিদ হাসান তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে এমিরেটসের সম্পৃক্ততা গভীর। বাংলাদেশে এমিরেটসের সাফল্যের পেছনে রয়েছে এদেশের সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মিডিয়া, ট্রাভেল ট্রেড পার্টনার ও সর্বোপরি জনগণের অব্যাহত সমর্থন ও সহযোগিতা।’
তিনি জানান, ১৯৮৫ সালে যাত্রা শুরু করে এমিরেটস এয়ারলাইন পরবর্তী বছরের ২৭ অক্টোবর দুটি সাপ্তাহিক ফ্লাইট দিয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। এয়ারলাইনটির আন্তর্জাতিক নেটওয়ার্কে ঢাকা ছিল সপ্তম গন্তব্য। বর্তমানে এমিরেটস দৈনিক ৩টি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রী পরিবহনের পাশাপাশি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রফতানি পণ্য পরিবহনেও বিশেষ ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের শীর্ষস্থানে এয়ারলাইন্স হিসেবে স্বীকৃত এমিরেটসের রয়েছে সর্বাধুনিক সুপরিসর ২৫৬টি উড়োজাহাজের এক বিশাল বহর। এমিরেটস বিশ্বব্যাপী নেটওয়ার্কে অন্তর্ভুক্ত রয়েছে ৮৩টি দেশের ১৫৪টির অধিক গন্তব্য। অনুষ্ঠানে কার্যক্রমের ৩০ বছর উপলক্ষে একটি কেক কাটা হয়।