দুবাইগামী ফ্লাইটে সীমাহীন ফ্রি তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে এমিরেটস
দুবাইগামী ফ্লাইটের টিকিটে যাত্রীদের জন্য আরও নমনীয়তা আনল এমিরেটস।
দুবাইগামী ফ্লাইটের টিকিটে যাত্রীদের জন্য আরও নমনীয়তা আনল এমিরেটস। নতুন নীতির আওতায় নির্দিষ্ট Economy ও Business শ্রেণির ভাড়ায় সীমাহীন বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে টিকিট বাতিলের ফি কমানো, ভ্রমণ বীমা সুবিধা বাড়ানো এবং ফ্লাইটে বিঘ্ন ঘটলে যাত্রী সহায়তার পরিধিও বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইনটি।
নতুন নীতি অনুযায়ী, Economy Saver ও Economy Flex এবং Business Special, Business Saver ও Business Flex ভাড়ার টিকিটে সীমাহীন ফ্রি তারিখ পরিবর্তনের সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে Economy Flex Plus, Premium Economy, Business Flex Plus এবং First Class টিকিটে আগের মতোই পূর্ণ নমনীয়তা বজায় থাকবে।
দুবাইগামী ফ্লাইটের টিকিট বাতিলের ক্ষেত্রেও ফি কমিয়েছে এমিরেটস। Economy Saver, Business Special ও Business Saver টিকিট বাতিলে ৫০ মার্কিন ডলার ফি নির্ধারণ করা হয়েছে। Economy Flex এবং Business Flex টিকিটের ক্ষেত্রে বাতিল ফি হবে ২৫ ডলার।
এমিরেটসের পুরো নেটওয়ার্কের অন্যান্য রুটে ২ এপ্রিল থেকে বুক করা টিকিটে একটি বিনামূল্যে তারিখ পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে। দুবাই হয়ে সংযোগকারী ফ্লাইটের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য। এ ছাড়া যাত্রীরা টিকিট বুকিং সম্পন্ন করার আগে নির্বাচিত ভাড়া ২৪ ঘণ্টা বিনামূল্যে ধরে রাখার সুযোগ পাবেন।
ভ্রমণ সুরক্ষার ক্ষেত্রেও নতুন সুবিধা যুক্ত করেছে এমিরেটস। তাদের Comprehensive Travel Cover-এর আওতায় সংঘাত-সংক্রান্ত পরিস্থিতিতে চিকিৎসা ব্যয়ের জন্য সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে। এর পাশাপাশি ট্রিপ বাতিল, লাগেজ বিলম্ব বা হারানো, বিশ্বব্যাপী সীমাহীন চিকিৎসা ব্যয় এবং জরুরি স্থানান্তরের সুবিধাও রয়েছে। প্রয়োজনে বিনামূল্যে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ভ্রমণের মেয়াদ বাড়ানোর সুবিধাও দেওয়া হচ্ছে। বর্তমানে ২৭টি দেশে এই কভার পাওয়া যাচ্ছে।
ফ্লাইটে বিঘ্ন ঘটলে যাত্রীদের সহায়তার ব্যবস্থাও অব্যাহত রাখছে এমিরেটস। প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের হোটেল সুবিধা দেওয়া হবে। এয়ারস্পেস বন্ধসহ বিভিন্ন কারণে যাত্রীর পরবর্তী সংযোগ ফ্লাইট ব্যাহত হলে অতিরিক্ত খরচ ছাড়াই বিকল্প ফ্লাইটে চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হতে পারে।
এ ছাড়া Emirates Skywards সদস্যদের জন্যও নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে। Silver, Gold ও Platinum মর্যাদা অর্জনে প্রয়োজনীয় Tier Miles ২০ শতাংশ কমানো হয়েছে। এমিরেটস ও flydubai ফ্লাইটে ২০ শতাংশ অতিরিক্ত Tier Miles এবং নির্বাচিত ভ্রমণসেবায় Cash+Miles ব্যবহারের সুবিধাও বাড়ানো হয়েছে।
নতুন সুবিধাগুলোর মাধ্যমে যাত্রীদের বুকিংয়ে আরও স্বাধীনতা দেওয়ার পাশাপাশি ভ্রমণ বিঘ্নের সময় ঝুঁকি ও অতিরিক্ত খরচ কমানোর লক্ষ্য নিয়েছে এমিরেটস।