ভিয়েতনাম-অস্ট্রেলিয়া রুটে ৩৫ বছরে ৭৫ লাখ যাত্রী
ভিয়েতনাম-অস্ট্রেলিয়া বিমান যোগাযোগের ৩৫ বছর পূর্তি উদযাপন করেছে ভিয়েতনাম এয়ারলাইন্স।
ভিয়েতনাম-অস্ট্রেলিয়া বিমান যোগাযোগের ৩৫ বছর পূর্তি উদযাপন করেছে ভিয়েতনাম এয়ারলাইন্স। একই সঙ্গে এ রুটে নিজেদের ৩৫ হাজারতম ফ্লাইট এবং ৭৫ লাখতম যাত্রীকে স্বাগত জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটি। অস্ট্রেলিয়ায় ভিয়েতনামের সাধারণ সম্পাদক ও রাষ্ট্রপতি তো লামের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে এ মাইলফলক উদযাপন করা হয়।
ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, গত ৩৫ বছরে ভিয়েতনাম ও অস্ট্রেলিয়ার মধ্যে পরিচালিত ৩৫ হাজার ফ্লাইটে প্রায় ৭৫ লাখ যাত্রী পরিবহন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে পরিচালিত এই রুট দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা, বিনিয়োগ ও মানুষের যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বর্তমানে ভিয়েতনাম এয়ারলাইন্স তাদের এয়ারবাস এ৩৫০ ও বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করে ভিয়েতনামের হ্যানয় ও হো চি মিন সিটি থেকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও পার্থে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে দুই দেশের মধ্যে সপ্তাহে মোট ২৫টি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালিত হচ্ছে।
বিমান চলাচল খাতে দুই দেশের বাজারের চাহিদাও বাড়ছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভিয়েতনাম-অস্ট্রেলিয়া আকাশপথে ৮ লাখ ৯ হাজারের বেশি যাত্রী চলাচল করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ বেশি। এ সময় দুই দেশের মধ্যে চলাচলকারী ফ্লাইটগুলোর গড় যাত্রী আসন পূরণের হার ৮৩ শতাংশের বেশি ছিল।
ভিয়েতনাম এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডাং নগোক হোয়া বলেন, প্রতিটি ফ্লাইট দুই দেশের অর্থনীতি, বিনিয়োগ ও পর্যটন খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করছে। আন্তর্জাতিক যোগাযোগ আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বিমান চলাচল অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে ভূমিকা রাখছে। এ কারণে অস্ট্রেলিয়াকে এয়ারলাইনটির অন্যতম প্রধান আন্তর্জাতিক বাজার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভবিষ্যতে অস্ট্রেলিয়ার বাজারে আরও বিনিয়োগ, ফ্লাইট নেটওয়ার্ক সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান উন্নয়নের পরিকল্পনা রয়েছে ভিয়েতনাম এয়ারলাইন্সের। একই সঙ্গে দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও পর্যটন সংস্থার সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ উপলক্ষে ভিয়েতনাম এয়ারলাইন্স Trip.com ও RMIT আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, বিনিয়োগ ও শিক্ষা বিষয়ে সহযোগিতা চুক্তি করেছে। পাশাপাশি ভিয়েতনাম-অস্ট্রেলিয়া পর্যটন প্রচারের অংশ হিসেবে Flight Centre Travel Group-এর সঙ্গেও চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
এসব উদ্যোগের লক্ষ্য হলো পর্যটন গন্তব্যের প্রচার, নতুন পর্যটন পণ্য তৈরি, বাজার সম্প্রসারণ এবং বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন। ৩৫ বছর পরও ভিয়েতনাম-অস্ট্রেলিয়া বিমানপথ দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করছে। আগামী দিনে এই রুটে যোগাযোগ আরও বাড়ানোর প্রত্যাশা করছে ভিয়েতনাম এয়ারলাইন্স।