সেনা মোতায়েনে উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই: কাদের

সেনা মোতায়েনে উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই: কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেনাবাহিনী কোনো দল বা জোটের নয়; সেনাবাহিনী স্বাধীন ও নিরপেক্ষ। তাই এ বাহিনী মোতায়েন নিয়ে কারও উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই।
সোমবার আতাতুর্ক মডেল সরকারি হাই স্কুল মাঠে ফেনী-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী লে. জে. মাসুদ উদ্দিন চোধুরীর (অব.) লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনী স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক। এ বাহিনীকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করবেন না। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তারা কাজ করবে; যাতে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন।
তিনি বলেন, গত ১০ বছরে বাংলাদেশে আশাতীত উন্নয়ন বিশ্বে প্রশংসিত হয়েছে। আকাশ, স্থল ও নৌপথে সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমার নিজের এলাকায় শতভাগ বিদ্যুৎ পৌঁছেনি কিন্তু দাগনভূঞা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে।
তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসিনা ম্যাজিকে আবারও আওয়ামী লীগ সরকার জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে। জনগণ তাদের ভাগ্যোন্নয়নের জন্য আবারও শেখ হাসিনার হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন।
উপস্থিত জনগণকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, আপনারা কাকে ভোট দেবেন? যে কাজ করে না, যে কথা বলে তাকে? আওয়ামী লীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। বিগত ১০ বছর আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে ও জনগণের ভাগ্যোন্নয়নে যে কাজ করেছে, স্বাধীনতার পরে এত উন্নয়ন কোনো সরকারের আমলে হয়নি। যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, শতভাগ বিদ্যুতায়ন, ইন্টারনেট সুবিধাসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়াও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতাবৃদ্ধিসহ হতদরিদ্রদের বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। দেশের মানুষ এখন চায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও চাকরি। আওয়ামী লীগ সরকার আবারও সরকার গঠন করলে জনগণের এ দুটি চাহিদা পূরণ করা হবে।
দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন।
বক্তব্য দেন- শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি, মহাজোট মনোনীত প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন প্রমুখ।
সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা বিএনপির : সোমবার সন্ধ্যায় নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নূর মিয়া বেপারিহাট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, ‘বিএনপি আগেই নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসনকে বিতর্কিত করেছে। এখন তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ, তাই সেনাবাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে।’ তিনি বলেন, যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাচ্ছে তারা ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে জবাব পাবে।
মওদুদ আহমদের গাড়িতে হামলার বিষয়ে তিনি বলেন, মওদুদ আহমদ নিজের গাড়ি বাড়িতে রেখে ভাড়া গাড়ি নিয়ে ঘোরেন। সে গাড়িতে নিজের লোক দিয়ে হামলা করিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মিথ্যাচার করছেন।
পথসভায় কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.