অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।’
আজ শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
গত কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ রুদ্ধদ্বার বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আজ দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট এক সূত্রে জানান, একনেক সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনির্ধারিত এ বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের ১৯ সদস্য। এতে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি বলেও জানা গেছে।
এদিন সকাল ১১টায় এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শুরু হয়। এটি শেষ হয় দুপুর সোয়া ১২টার দিকে। আজকের সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
একইদিন বিকালে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
