চারটি বিমান বন্দর চালু করলো পাকিস্তান, ৪ মার্চ চালু হবে সব বিমান বন্দর

চারটি বিমান বন্দর চালু করলো পাকিস্তান, ৪ মার্চ চালু হবে সব বিমান বন্দর।

ইসলামাবাদ, ০২ মার্চ- ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার জেরে ৫৪ ঘণ্টা বন্ধ রাখার পর চারটি বিমান বন্দর চালু করেছে পাকিস্তান। তবে আগামী ৪ মার্চ (সোমবার) পর্যন্ত বন্ধ থাকবে দেশটির বাকি সব বিমান বন্দর।

শুক্রবার (০১ মার্চ) সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) দেওয়া বার্তায় (নোট ফর এয়ারম্যান) করাচি আন্তর্জাতিক বিমান বন্দর, পেশওয়ার আন্তর্জাতিক বিমান বন্দর, কুয়েত্তা আন্তর্জাতিক বিমান বন্দর এবং ইসলামাবাদ আন্তর্জাতিক বিমান বন্দর ফের চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (সিএএ) নির্দেশে ওই চারটি বিমান বন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ফের চালু করা হয়। সেই সঙ্গে বন্দর কর্মকর্তাদের সবাইকে উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে লাহোর, শিয়ালকোট, মুলতানসহ উল্লেখযোগ্য অন্য বিমান বন্দরগুলো পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ মার্চ দুপুরে তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।

পাকিস্তানের পতাকাবাহী এয়ারলাইন্স পিআইএ’র মুখপাত্র মাসুদ তাজওয়ার দেশটির সংবাদ মাধ্যম ডন-কে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘পিকে-৩৭০’ ফ্লাইটটি করাচি থেকে ইসলামাবাদ পৌঁছেছে। পরে নির্ধারিত আরও তিনটি ফ্লাইট করাচি থেকে জেদ্দা, মদিনা ও দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে।

এদিকে বিমান বন্দরগুলো ফের চালু করলেও যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.