জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়ালের আবেগপ্রবণ চিঠি।
জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়াল শুক্রবার সংস্থার কর্মীদের উদ্দেশে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা দিলেন পত্র মারফত। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, তিনি তাঁদের জন্য “যে কোনও রকমের আত্মত্যাগ” করতে উদ্যত, সংস্থার সংকট কাটিয়ে সেটিকে পুনরুজ্জীবনের জন্য তিনি উদ্গ্রীব হয়ে রয়েছেন।
তিনি কর্মীদের আশ্বস্ত করে জানান, সংস্থার সিইও বিনয় দুবের নেতৃত্বে পরিচালিত ম্যানেজমেন্ট আগামী ১৮ মার্চের মধ্যেই সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। যা রুগ্ণপ্রায় বিমান সংস্থাটিকে নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। এর ফলে পরিস্থিতি আরও সম্ভাবনাময় হয়ে উঠবে।
জেটের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেওয়ায় সম্মতি দু-দিন আগেই জানিয়েছেন গয়াল। গয়ালের ঘনিষ্ঠ সূত্রের খবর, সংস্থায় তাঁর শেয়ারের পরিমাণ ৫১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে আসার পরই তিনি না কি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর পরই তিনি এই আবেগপ্রবণ চিঠি পাঠালেন সংস্থার কর্মীদের উদ্দেশে। দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থার ঘুরে দাঁড়ানোর কৌশল হিসাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে চলতি সপ্তাহে। গয়ালের পদত্যাগের পর সংস্থায় তাঁর অংশীদারিত্বের প্রতিনিধিত্ব করার জন্য তিনি প্রস্তাব করেছেন নিজের ছেলে নিবানের নাম।
একই সঙ্গে সংস্থার বাড়তি শেয়ার ছেড়ে বাজার থেকে টাকা তোলার প্রস্তাবেও সায় দিয়েছে ঋণপ্রদানকারী ব্যাঙ্ক এসবিআই এবং সংস্থায় ২৪ শতাংশ শেয়ারহোল্ডার এতিহাদ এয়ারওয়েজ।