বিমান ছিনতাই চেষ্টা: পলাশের পিস্তল দিয়ে গুলি করা সম্ভব নয় বললো সিআইডি।
চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় উদ্ধারকৃত পিস্তলটি খেলনা এবং এটি দিয়ে গুলি করা সম্ভব নয় বলে জানিয়েছে সিআইডি। বুধবার (০৬ মার্চ) সকালে ফরেনসিক পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম।
এদিকে, কথিত ছিনতাইকারী পলাশ আহমেদের সাথে এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট।
চট্টগ্রাম সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম জানায়, মঙ্গলবার (০৫ মার্চ) বিকেলে পলাশ আহমেদের কাছ থেকে উদ্ধারকৃত পিস্তল ও বোমা ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির কাছে হস্তান্তর করে কাউন্টার টেররিজম ইউনিট। আজ সকালে ফরেনসিক পরীক্ষার পর সেটি প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল বলে নিশ্চিত হয় সিআইডি। তবে ব্যালিস্টিক পরীক্ষার পরই চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে।
বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় এরইমধ্যে শাহ আমানত বিমানবন্দরের বেশ কয়েকজনের জবানবন্দি গ্রহণ করেছে তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট। এছাড়াও ঘটনার দিন পলাশের গতিবিধি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামে ছিনতাই চেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে কথিত ছিনতাইকারী পলাশ আহমেদ নিহত হয়।