ইউএস-বাংলার উড়োজাহাজে বিমানের ধাক্কা

ইউএস-বাংলার উড়োজাহাজে বিমানের ধাক্কা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজের ধাক্কায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাস-৮ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগ সুত্র।
ফ্লাইট অপারেশন বিভাগের কর্মকর্তা সোহরাব জানান, এ ঘটনার পর বিমানের উড়োজাহাজটি উড্ডয়ন করলেও সেটিকে আবার নামিয়ে আনে এয়ার কন্ট্রোল টাওয়ার (এটিসি)। পরে রাত তিনটায় জেদ্দাগামী ওই ফ্লাইট পুনরায় উড্ডয়ন অনুমতি পায়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুরুল ইসলাম জানান, গতরাত (রোববার দিনগত) ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তখন পার্কিং বে তে ছিল ইউএস বাংলার ড্যাস-৮ এজিএক্স। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী বোয়িং ৭৭৭ বোর্ডিং ব্রিজ ছেড়ে বে-এরিয়া পার হতেই আমাদের উড়োজাহাজকে আঘাত করে রানওয়ে ধরে উড্ডয়ন করে। এ ঘটনায় বোয়িং ৭৭৭ এর কোনো ক্ষতি না হলেও ইউএস বাংলার ড্যাস-৮ এজিএক্সের উইংয়ের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সোমবার সকাল থেকে এয়ারক্রাফটটিকে অপারেশনের বাইরে নিয়ে মেরামতের কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, একটু সচেতন হলে এ ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। বিশেষ করে গ্রাউন্ড স্টাফদের দুর্বলতার কারণে মাঝে মধ্যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ইউএস বাংলা এয়ারলাইনসের এয়ারক্রাফটটির সামান্য ক্ষতি হয়েছে যা দেশেই মেরামত করা হচ্ছে।

জানা গেছে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে বিষয়টি সুরাহার কথাবার্তা চলছে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ সেপ্টম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কার্গো ভ্যানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি উড়োজাহাজ। সেটিও রাত ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বে-১২ তে এমন আরেক ঘটনার অবতারণা করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.