ইঞ্জিনে ত্রুটি থাকায় ২টি ড্রিমলাইনার গ্রাউন্ডেড করল সিঙ্গাপুর এয়ারলাইনস

ইঞ্জিনে ত্রুটি থাকায় ২টি ড্রিমলাইনার গ্রাউন্ডেড করল সিঙ্গাপুর এয়ারলাইনস।

দুটি বোয়িং-৭৮৭-১০ উড়োজাহাজ (ড্রিমলাইনার) গ্রাউন্ডেড করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। উড়োজাহাজ দুটির নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ইঞ্জিনে ত্রুটি চিহ্নিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে আপাতত ড্রিমলাইনার উড়োজাহাজ গ্রাউন্ডেড করার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনসটি।

গতকাল এক বিজ্ঞপ্তিতে সিঙ্গাপুর এয়ারলাইনস জানিয়েছে, সম্প্রতি নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ড্রিমলাইনার উড়োজাহাজের রোলস রয়েস ট্রেন্ট ১০০০ ইঞ্জিনের ব্লেডে ত্রুটি ধরা পড়ে। এরই পরিপ্রেক্ষিতে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই ওই ইঞ্জিনের আরো পরীক্ষা না করা পর্যন্ত উড়োজাহাজ গ্রাউন্ডেড রাখা হবে।

ড্রিমলাইনার উড়োজাহাজের ত্রুটির বিষয়টি এর আগেও একবার আলোচনায় এসেছিল। ২০১৩ সালে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইনসের বহর থেকে বাদ পড়েছিল বোয়িং-৭৮৭-৮ ড্রিমলাইনার। ক্রয় আদেশ বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছিল অনেক কোম্পানি।

২০১৩ সালের জানুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বোস্টন বিমানবন্দরে বোয়িংয়ের একটি ড্রিমলাইনার উড়োজাহাজের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার মধ্য দিয়ে আতঙ্কের সূত্রপাত হয়। একই দিনে ব্যাটারির সমস্যার কারণে আকাশে থাকা অল নিপ্পন এয়ারওয়েজের একটি ড্রিমলাইনার বিমান দক্ষিণ-পশ্চিম জাপানের তাকামাতসুতে জরুরি অবতরণ করে। এ পরিপ্রেক্ষিতে ওই বছর ১৬ জানুয়ারি জাপানে এবং ১৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ভারত, চিলি ও ইউরোপীয় ইউনিয়নে ড্রিমলাইনার উড়োজাহাজের উড্ডয়ন বাতিল করা হয়। একই কারণে অস্ট্রেলিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা কান্তাস এয়ারওয়েজ ড্রিমলাইনারের একটি অর্ডার বাতিল করে। পরবর্তী সময়ে ব্যাটারি সমস্যা সমাধান করে আবারো ফিরে আসে ড্রিমলাইনার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.