প্রথম প্রান্তিকে ইউনাইটেড এয়ারলাইনসের মুনাফা দ্বিগুণ।
চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউনাইটেড এয়ারলাইনসের নিট আয় দ্বিগুণ বেড়ে হয়েছে ২৯ কোটি ২০ লাখ ডলার। মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ক্রমবর্ধমান যাত্রী রাজস্ব ও জ্বালানিবহির্ভূত ব্যয় নিয়ন্ত্রণ। খবর সিনহুয়া।
ইউনাইটেড এয়ারলাইনসের তথ্যানুসারে প্রথম প্রান্তিকে তাদের নিট আয় ১০১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময় কোম্পানিটির নিট আয় ছিল ১৪ কোটি ৫০ লাখ ডলার। প্রথম প্রান্তিকে শিকাগোভিত্তিক উড়োজাহাজ সংস্থাটির প্রাক-কর মার্জিন ৩ দশমিক ৮ শতাংশ, যা বছর হিসাবে বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৮ শতাংশ।
প্রথম প্রান্তিকে সংস্থাটির প্যাসেঞ্জার রেভিনিউ পার অ্যাভেইলেবল সিট মাইল (পিআরএএসএম) গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ১ শতাংশ, যেখানে অঞ্চলজুড়ে ‘স্বাস্থ্যকর সাশ্রয়ী কেবিনের’ চাহিদা বৃদ্ধি পাওয়ায় এশিয়া-প্যাসিফিক রুটে সর্বোচ্চ ৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি হয়েছে।
এ বছরের প্রথম তিন মাসে উড়োজাহাজ সংস্থাটির বহরে চারটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজ যুক্ত হয়েছে, তবে তা ১৩ মার্চের আগে। ওই সময় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন যুক্তরাষ্ট্রে নিবন্ধনকৃত ৭৩৭ ম্যাক্স ৮ ও ম্যাক্স ৯ উড়োজাহাজ গ্রাউন্ডিং করার আদেশ দেয়।