বিশ্বজুড়ে বন্ধ এয়ার ইন্ডিয়ার সার্ভার, বিপাকে যাত্রীরা।
এয়ার লাইন্সের ইন্টারনাল সার্ভার বন্ধ হওয়ার কারণে শনিবার ভোররাত থেকে বিপর্যস্ত হলো ভারতের এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। যার জেরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে সমস্যা। এই সমস্যার কারনে হাজার হাজার যাত্রী ভারতের দিল্লি, মুম্বই সহ বিভিন্ন বিমানবন্দরে সমস্যায় পড়েছেন। একইসঙ্গে সমস্যায় পড়েছেন বিশ্বজুড়ে যাত্রীরাও।
তবে শনিবার ভোর থেকে বেশ কয়েক ঘণ্টা এয়ার ইন্ডিয়ার পরিষেবা বিঘ্ন ঘটার পর সকাল ৯ টার পর থেকে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানা গিয়েছে, এদিন ভোর থেকে দীর্ঘক্ষন সার্ভার বসে গিয়ে বিমান পরিষেবা না থাকার কারণে সারাদিন ধরে বিমান পরিষেবা নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলবে।
জানা যায়, শনিবার ভোর ৩টা থেকে ভোর সাড়ে ৪টা নাগাদ এয়ার ইন্ডিয়া সার্ভারে সমস্যা দেখা দেয়। সেই সমস্যা চলে শনিবার সকাল ৮টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত। তারপর সিস্টেম ঠিক হলে পরিষেবা চালু হয়।
এদিন সকালে সার্ভার বসে যাওয়ার কারনে এয়ার ইন্ডিয়ার যাত্রীদের বোডিং পাস দেওয়া হয়নি। ফলে বিমানও ছাড়া যায়নি। যাত্রীরা ভোর রাত থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করতে থাকেন।
বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন বহু যাত্রী। শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে এয়ার ইন্ডিয়ায় সফর করা যাত্রীরা এই সমস্যার মুখে পড়েন। প্রায় চার ঘন্টা ধরে চলে এই সমস্যা। তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এয়ার ইন্ডিয়ার সিএমডি অশ্বিনী লোহানি জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে ৩ টে থেকে সাড়ে ৪ টে পর্যন্ত এয়ার ইন্ডিয়ার সার্ভারে কাজ হচ্ছিলো। সার্ভারটি বিকল ছিলো শনিবার সকাল পৌনে নটা পর্যন্ত। এখন সেটি ঠিক হয়েছে। চালু হয়েছে উড়ান। তবে এর ফলে শনিবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিলম্ব ঘটবে।