ঢাকা-গুয়াহাটি সরাসরি ফ্লাইটঃ স্পাইসজেটের ‘স্টপেজ’ চাইছে ত্রিপুরা

ঢাকা-গুয়াহাটি সরাসরি ফ্লাইটঃ স্পাইসজেটের ‘স্টপেজ’ চাইছে ত্রিপুরা।

ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে আগামী ১ জুলাই। ত্রিপুরা সরকার চাইছে, আগরতলাতেও বিমান থামুক। ভারতের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘স্পাইসজেট’ আন্তর্জাতিক বিমান সংযোগ প্রকল্প বা আইএসিএসের অঙ্গ হিসেবে ৫৫ মিনিটের এ আন্তর্জাতিক রুটে ওড়াবে বিমান। বিষয়টি জানতে পেরে ত্রিপুরা সরকার তৎপরতা শুরু করেছে।

প্রসঙ্গে ত্রিপুরার পরিবহন ও পর্যটনমন্ত্রী প্রণজিত সিংহরায় মুঠোফোনে বলেন, ‘আমাদের (ত্রিপুরা) সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক। আত্মিক সম্পর্ক। তাই আমরাও চাই, চালু হোক আগরতলা থেকে ঢাকার বিমান। বিমানটিও আগরতলা হয়ে যেতে পারে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারত সরকারের সঙ্গে কথা বলবেন। তাঁর আশা, আগরতলা-ঢাকা বিমান চালু হলে ত্রিপুরা ও বাংলাদেশের পর্যটনে ব্যাপক উন্নতি হবে।’

ইতিমধ্যেই স্পাইসজেট কর্তাদের চিঠিও দিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরা পরিবহন দপ্তরের প্রধান সচিব এল এইচ ডার্লং স্পাইসজেটের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংকে লেখা চিঠিতে ভারতীয় যাত্রীদের স্বার্থের কথা উল্লেখ করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ফেরার পথে বিমানটি আগরতলায় দাঁড়ালে এখানকার যাত্রীদের গুয়াহাটি যেতে সুবিধা হবে। তাই ডোমেস্টিক রুটটিকে যুক্ত করতে বলা হয়েছে। তবে এ বিষয়ে স্পাইস কর্মকর্তাদের বক্তব্য এখনো জানা যায়নি।

স্পাইসজেট সূত্রে শুধু জানা গেছে, ১ জুলাই থেকে প্রতিদিন গুয়াহাটির গোপীনাথ বড়দলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় সময় বেলা ১১টা ৫৫ মিনিটে ছাড়বে বিমানটি। আবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে বাংলাদেশ সময় বেলা ১টা ৪০ মিনিটে। গুয়াহাটি থেকে ঢাকা ভাড়া ধরা হয়েছে ৩ হাজার ৩৫৫ রুপি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.