আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ।

নিউজিল্যান্ডের মাঝ আকাশে দুইটি হালকা উড়োজাহাজের মধ্যে সংর্ঘের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উড়োজাহাজের দুই পাইলট নিহত হয়েছেন। রোববার দেশটির মাস্টার্টন শহরের কাছে হুড বিমানবন্দরের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স
পুলিশ বলছে, সংর্ঘের পর উড়োজাহাজ দুইটি মাটিতে পড়ে বিধ্বস্ত হয়। এর আগেই উড়োজাহাজের চার আরোহী প্যারাসুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ দুইটির সংঘর্ষের কারণ জানা যায়নি।
এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা নিউজিল্যান্ডের গণমাধ্যমকে জানিয়েছেন, তারা বিকট শব্দের পর উড়োজাহাজ দুটিকে আছড়ে পড়তে দেখেছেন। স্থানীয় এক পাইলট প্রশিক্ষককের বরাত দিয়ে দেশটির নিউজ ওয়েবসাইট স্টাফ.এনজেড জানিয়েছে, এই বিমানবন্দরে সাড়ে নয় হাজার ফুটের ওপরে বিমান ওঠানামা অনিয়ন্ত্রিত। তবে পাইলটদের রেডিও যোগাযোগের মাধ্যমে গতিবিধির রেকর্ড দিতে হয়।
রোববার এই বিমানবন্দরে সংঘর্ষের কবলে পড়া একটি বিমানের মালিক স্কাইডাইভ ওয়েলিংটন এবং অপরটির মালিক ওয়াইরারাপা অ্যারো ক্লাব। এ ছাড়া মাস্টার্টন জেলা পরিষদ হুড বিমানবন্দরটির মালিক। এর পরিচালনাও তাদের নিয়ন্ত্রণে।
জেলা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, হুড বিমানবন্দর ঘিরে আমাদের একটি ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠা জনগোষ্ঠী রয়েছে। আর এই ঘটনা স্পষ্টভাবেই তাদের বেশ নাড়া দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.