চোরাচালানের দায়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বিমানের সিইও বরখাস্ত।
মাঝে মধ্যে এয়ারলাইন্সের কর্মচারীদের অবৈধ পাচারের অপরাধে বরখাস্ত হওয়া বা গ্রেপ্তার হওয়ার কথা শুনে থাকলে সম্ভবত এই প্রথম বিমানসংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার ক্ষেত্রে এমনটি হলো। তাও আবার খোদ রাষ্ট্রীয় বিমানসংস্থার প্রধান।
বিনা ঘোষণায় বিলাসবহুল পণ্য আমদানি করে চোরাচালানের দায়ে অভিযুক্ত হয়ে চাকরি খোয়াচ্ছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বিমানসংস্থা গারুদা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আই গুস্তি নাগুরাহ আসকারা দানাদিপুত্র।
শুধু তাই নয় এ কাজে তাকে সহায়তার দায়ে শাস্তির খড়গ পড়ছে বিমানসংস্থাটির জড়িত কর্মকর্তাদের উপর। এরই মধ্যেই খবর বেরিয়েছে ৪ পরিচালকে বরখাস্তের।
সিইও আসকারা অভিযোগের বিরুদ্ধে জনসমক্ষে এখনও সাড়া দেননি। সংবাদসংস্থাগুলো মন্তব্যের জন্য তার সাথে যোগাযোগ করতে বারবার ব্যর্থ হয়েছে। এ ছাড়া এ বিষয়ে আনষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয় নি গারুদা কর্তৃপক্ষ।