ম্যাক্স ৭৩৭ উড়োজাহাজ তৈরি বন্ধ ঘোষণা করল নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং

ম্যাক্স ৭৩৭ উড়োজাহাজ তৈরি বন্ধ ঘোষণা করল নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িং সাময়িকভাবে তাদের ম্যাক্স ৭৩৭ বিমানের উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে।

দুটো বিমান দুর্ঘটনার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশে বোয়িং ম্যাক্স ৭৩৭ মডেলের বিমান উড্ডয়ন বন্ধ ছিল। কিন্তু তারপরেও বোয়িং কোম্পানি ম্যাক্স ৭৩৭ মডেলের বিমান তৈরি অব্যাহত রেখেছিল।

প্রতিষ্ঠানটি এখন জানিয়েছে আগামী জানুয়ারি মাসে তারা উৎপাদন বন্ধ রাখবে।

ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়াতে বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩০০’র বেশি যাত্রী নিহত হয়।

বোয়িং আশা করেছিল যে চলতি বছরের শেষের দিকে এই বিমান আবারো উড্ডয়ন করতে পারবে।

কিন্তু যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণ সংস্থা এটা পরিষ্কার করে বলেছিল যে এতো তাড়াতাড়ি ম্যাক্স ৭৩৭ মডেলের বিমানকে পুনরায় সনদ দেয়া হবে না।

সিয়াটলে অবস্থিত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ রপ্তানিকারক।

বোয়িং কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “ম্যাক্স ৭৩৭ বিমানকে নিরাপদে আকাশে ফিরেয়ে আনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।”

গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলা হয়েছিল যে ইথিওপিয়ায় প্রথম দুর্ঘটনার পর আরো একটি দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে অবহিত ছিল যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণকারী সংস্থা।

ফেডারেল এভিয়েশন অথরিটির এক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, বোয়িং ম্যাক্স ৭৩৭ মডেল বিমানের ডিজাইনে যদি পরিবর্তন না করা হয় তাহলে এর মেয়াদকালে এক ডজনেরও বেশি বিমান বিধ্বস্ত হতে পারে।

কিন্তু তারপরেও ২০১৯ সালের মার্চ মাসে ইথিওপিয়ায় দ্বিতীয় দুর্ঘটনা ঘটার আগে পর্যন্ত ম্যাক্স ৭৩৭ বিমানের উড্ডয়ন বন্ধ করা হয়নি।

ম্যাক্স ৭৩৭ মডেলের বিমান তৈরি বন্ধ রাখার কারণে এরই মধ্যে সংস্থাটি নয় বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে।

গত সোমবার বোয়িং-এর শেয়ারের দাম ৪% পর্যন্ত পড়ে গেছে।

বোয়িং বলছে, তাদের কাছে ম্যাক্স ৭৩৭ মডেলের ৪০০ উড়োজাহাজ জমা রয়েছে।

এসব উড়োজাহাজ ক্রেতাদের কাছে তুলে দেবার বিষয়টিতে তারা বেশি মনোযোগ দেবে।

বিশ্বের বহু এয়ারলাইন্স ম্যাক্স ৭৩৭ মডেলের উড়োজাহাজের জন্য বোয়িং-এর কাছে অর্ডার দিয়েছিল।

কিন্তু সেগুলো ক্রেতাদের কাছে সেসব উড়োজাহাজ তুলে দেয়া হয়নি, কারণ বোয়িং-এর প্রকৌশলীরা ম্যাক্স ৭৩৭ উড়োজাহাজের সফটওয়্যার ঠিক করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.