বোয়িংয়ের সংকট বাড়াচ্ছে ইউক্রেন এয়ারলাইন্সের দুর্ঘটনা।
পাঁচ মাসের ব্যবধানে দুটি দুর্ঘটনার পর মাত্র এক বছরের মাথায় আবারো দুর্ঘটনার কবলে পড়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের একটি উড়োজাহাজ। সর্বশেষ এ দুর্ঘটনা ৭৩৭ মাক্স মডেলের উড়োজাহাজ গ্রাউন্ডিং নিয়ে সংকটে থাকা প্রতিষ্ঠানটির জন্য পরিস্থিতি আরো জটিল করতে পারে। কিন্তু এ দুর্ঘটনার জন্য ইরানের সংশ্লিষ্টতার সম্ভাবনা কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী করেছে। খবর এএফপি, সিএনএন।
বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (ইউআইএ) বোয়িংয়ের ৭৩৭ এনজি মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে যাত্রী ও ক্রু মিলিয়ে উড়োজাহাজটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত জানা না গেলেও ইরান ভুলবশত ইউএআইয়ের ৭৩৭ এনজি উড়োজাহাজটি ভূপাতিত করতে পারে বলে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে। এ খবর বোয়িংয়ের শেয়ারদরে প্রভাব ফেলেছে।
প্রাথমিকভাবে দুর্ঘটনার পর পরই কোম্পানিটির শেয়ারদরে পতন ঘটে। বুধবার বোয়িংয়ের শেয়ারদর ১ দশমিক ৮ শতাংশ কমে শেয়ারপ্রতি ৩৩১ ডলার ৩৭ সেন্টে লেনদেন শেষ হয়। কিন্তু দুর্ঘটনায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতার খবর প্রকাশের পর বৃহস্পতিবার বোয়িংয়ের শেয়ারদর ২ শতাংশ বৃদ্ধি পায়।
এদিকে এমন একটি সময় এ দুর্ঘটনা ঘটল, যখন নিজেদের সবচেয়ে সংকটকাল পার করছে মার্কিন উড়োজাহাজ নির্মাতাটি ২০১৮ সালের শেষে ইন্দোনেশিয়ায় ও গত
বছরের প্রথম দিকে ইথিওপিয়ায় ৭৩৭ ম্যাক্স মডেলের দুটি উড়োজাহাজ দুর্ঘটনায় ৩৪৬ জন নিহত হন। এরপর বিশ্বজুড়ে কোম্পানিটির সর্বাধিক বিক্রীত মডেলটির
গ্রাউন্ডিং শুরু হয়। একই সঙ্গে বোয়িংয়ের সংকট মোকাবেলার দক্ষতা নিয়েও সমালোচনা তৈরি হয়।
৭৩৭ ম্যাক্স মডেল গ্রাউন্ডিং হলেও এর পূর্ববর্তী মডেলটি আওতার বাইরে ছিল।যদিও ৭৩৭ এনজি মডেলটির নিজস্ব কিছু সমস্যা রয়েছে ২০১৮ সালের এপ্রিলে সাউথওয়েস্ট
এয়ারলাইনের ৭৩৭ এনজি মডেলের একটি উড়োজাহাজের ফ্যান ব্লেড বিচ্ছিন্ন হয়ে জানালা ভেঙে যায়। এতে এক নারী নিহত হন।গত নভেম্বরে মডেলটির
বহিরাবরণের নকশা বদলের জন্য বোয়িংকে নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।