৭৩৭ ম্যাক্স সংকট: দুই দশকের মধ্যে সবচেয়ে কম ক্রয়াদেশ পেয়েছে বোয়িং

৭৩৭ ম্যাক্স সংকট: দুই দশকের মধ্যে সবচেয়ে কম ক্রয়াদেশ পেয়েছে বোয়িং।

৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ সংকটে মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের ক্রয়াদেশ কমে গেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, গত দুই দশকের মধ্যে প্রতিষ্ঠানটির ক্রয়াদেশ সর্বনিম্নে পৌঁছেছে। এছাড়া গত বছর তাদের উড়োজাহাজ সরবরাহ হয়েছে ১১ বছরের মধ্যে সবচেয়ে কম। খবর: বিবিসি।

প্রতিষ্ঠানটির এ সংকটের সুবিধা নিচ্ছে প্রতিযোগী ইউরোপের কোম্পানি এয়ারবাস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছর তারা রেকর্ড ৮৬৩টি উড়োজাহাজ সরবরাহ করেছে। এর মধ্যে ৭৩৭ ম্যাক্স উৎপাদন বন্ধের পর এয়ারবাস ৭৬৮টি উড়োজাহাজ সরবরাহ করেছে।

পরপর বড় দুটি দুর্ঘটনায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্সের উড্ডয়ন বন্ধ হয়েছে আগেই। সম্প্রতি ওই মডেলের উড়োজাহাজ উৎপাদন বন্ধ হলে সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস মুইলেনবার্গকে বরখাস্ত করেছে কোম্পানিটি। তার জায়গায় নতুন নির্বাহী ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান বোর্ড চেয়ারম্যান ডেভিড ক্যালহু।

৭৩৭-ম্যাক্স উড়োজাহাজ সংকটের মধ্যে কোম্পানির সুনাম ফেরানোর চেষ্টায় এ পরিবর্তন জরুরি ছিল বলে জানিয়েছে বোয়িং। তারা বলছে, কোম্পানির আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন; সে সঙ্গে নিয়ন্ত্রক, ভোক্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য সবার সঙ্গে সম্পর্ক মেরামত করাও প্রয়োজন।

বোয়িংয়ের নতুন সিইও ও প্রেসিডেন্ট গত ১৩ জানুয়ারি থেকে কাজ শুরু করছেন। কোম্পানিটি একেবারে নতুন করে পরিপূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে।

মাত্র পাঁচ মাসের মধ্যে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের নতুন দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ আরোহী নিহত হওয়ার পর বিশ্বের অধিকাংশ এয়ারলাইনস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ উড়োজাহাজটি ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়।

বিশ্বব্যাপী বোয়িংয়ের এ উড়োজাহাজের প্রায় দুই-তৃতীয়াংশই ব্যবহার না করে মাটিতে নামিয়ে রাখা হয়। এতে কোম্পানিটির শেয়ার ২০ শতাংশের বেশি পড়ে যাওয়া থেকে শুরু করে সংকট ৭৩৭ ম্যাক্সের উৎপাদনও বন্ধ করে দেওয়া পর্যন্ত গড়িয়েছে।

সম্প্রতি ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় দুর্ঘটনায় পড়ে বোয়িং ৭৩৭ ম্যাক্সের দুটি উড়োজাহাজ। এতে তিন শতাধিক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটির অভিযোগ সামনে আসে। ফলে উড়োজাহাজটির আকাশে উড্ডয়ন বন্ধ হয়ে যায়।

উৎপাদনকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের আশা ছিল, এ বছরের শেষ নাগাদ উড়োজাহাজটি আবারও আকাশে উড়তে শুরু করবে। তবে শিগগিরই যে উড্ডয়ন ছাড়পত্র পাচ্ছে না, তা স্পষ্ট করেছেন মার্কিন নিয়ন্ত্রকরা।

সিয়াটলভিত্তিক বোয়িং যুক্তরাষ্ট্রের অন্যতম বড় রফতানিকারক প্রতিষ্ঠান। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, সাময়িকভাবে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ উৎপাদন বন্ধ করা হলেও এর সংশ্লিষ্ট কর্মীদের ছাঁটাই করা হবে না। তবে এতে সরবরাহকারী ও বৃহত্তর অর্থনীতি আক্রান্ত হবে। বোয়িংয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপদে ৭৩৭ ম্যাক্সের সেবায় ফেরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় প্রথমবার ৭৩৭ ম্যাক্স দুর্ঘটনার পরই উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি থাকার বিষয়ে অবগত হন মার্কিন নিয়ন্ত্রকরা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এভিয়েশন অথরিটির বিশ্লেষণে বলা হয়, উড়োজাহাজটির নকশায় পরিবর্তন আনা না হলে এর মেয়াদকালের মধ্যে আরও অন্তত ডজনখানেক দুর্ঘটনা ঘটতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.