পাকিস্তান সফরে যেতে বিমান ভাড়া করার ভাবনা বিসিবির

পাকিস্তান সফরে যেতে বিমান ভাড়া করার ভাবনা বিসিবির।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভৌগলিক দূরত্ব যাই হোক না কেন, বিমানযাত্রাটা একেবারেই সহজ নয়। ঢাকা থেকে লাহোরের দূরত্ব ১৮০০ কিলোমিটারের বেশি নয়। বিসিবির সঙ্গে যেহেতু কাতার এয়ারওয়েজের চুক্তি আছে, তাই বাংলাদেশ দল লাহোর যাবে দোহা হয়ে। ঘুরপথে যেতে হচ্ছে বলে বাংলাদেশ দলকে পাড়ি দিতে হবে ৮ হাজার কিলোমিটারের বেশি পথ! অন্তত ১২-১৩ ঘণ্টার ক্লান্তিকর এই ভ্রমণ এড়িয়ে যাওয়ার উপায় খুঁজছে বিসিবি।

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দলকে বিশেষ ভাড়া করা বিমানে (চার্টার্ড ফ্লাইট) লাহোরে পাঠানোর বিষয়ে ভাবনা-চিন্তা চলছে। ঢাকা থেকে সরাসরি লাহোরে যেতে ৩-৪ ঘণ্টার বেশি সময় লাগার কথা নয়। সেখানে ১২-১৩ ঘণ্টার জার্নি রীতিমতো অবাস্তব। তাছাড়া অল্প সময়ের জন্য সফর হওয়ায় দীর্ঘ যাত্রা ক্রিকেটারদের জন্য ইতিবাচক হবে না। বিষয়টি নিয়ে গত কয়েকদিন গণমাধ্যমে আলোচনা হলে তা বিসিবির নজরে আসে। তাই বিসিবি এখন একই খরচে বিমান ভাড়া করার চিন্তা করছে।

বাংলাদেশ থেকে পাকিস্তানে যে ধরনের ফ্লাইট প্রচলিত রয়েছে, তাতে অন্তত তিনবারের সফর মিলিয়ে ২ কোটি টাকারও বেশি খরচ হবে বিসিবির। কারণ দুই বোর্ডের সমঝোতা (মউ) অনুযায়ী, যেকোনো সিরিজ খেলতে গেলে আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া সফরকারী দলকেই বহন করতে হয়। গত বছর বিসিবির দুটি দল পাকিস্তানে গেছে ঢাকা-দোহা-লাহোর রুটে। তার মানে বাংলাদেশ থেকে পাকিস্তানের ওপর দিয়ে দোহা গিয়ে আবারও পাকিস্তানে ফিরে আসা! এবার তামিমদের জন্য ভিন্ন কিছু হয় কিনা সেটাই দেখার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.