প্রথমবারের মতো সুদানের আকাশ দিয়ে দখলদার ইসরাইলের বিমান উড়াল দিয়েছে। এটিকে আনুষ্ঠানিক বৈরিতার অবসান ঘটিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক উষ্ণতার আরেকটি নজির বলে জানিয়েছেন ইহুদিবাদী রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলের সঙ্গে কৌশলগতভাবে যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে সুদান। প্রেসিডেন্ট ওমর আল-বশিরের শাসনামলে দেশটি কট্টর ইসরাইলবিরোধী ছিল।-খবর এএফপি
কিন্তু সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের পর গত এপ্রিলে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে। রোববার সন্ধ্যায় মার্কিন ইহুদি নেতাদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, গতকাল প্রথমবারের মতো সুদানের আকাশ দিয়ে ইসরাইলি বিমান উড্ডয়ন করেছে। এটি বড় পরিবর্তন।
সরকারি কর্মকর্তাদের বরাতে ইসরাইলি দৈনিক হারিৎটস জানিয়েছে, এটি একজন ইসরাইলি নির্বাহীর ব্যক্তিগত বিমান।
সপ্তাহ দুয়েক আগে সুদানের নেতা আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। এতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা হয়েছে বলে ইসরাইলি কর্মকর্তারা দাবি করেন।
সুদান সরকারের এক মুখপাত্র বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপন কিংবা সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো প্রতিশ্রুতি দেননি বুরহান।
ফিলিস্তিনিদের ভূমিদখল ও তাদের ওপর নিপীড়নের ঘটনায় কয়েক দশক ধরে অবৈধ রাষ্ট্র ইসরাইলকে আরবদের বয়কটের অংশ হয়ে আছে সুদান।
১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নেয় ইসরাইল। এ সময় সিরিয়ার গোলান মালভূমিও দখল করে ইসরাইল। তখন ইসরাইলকে সম্পূর্ণভাবে বর্জনে আরব নেতারা সুদানের রাজধানী খার্তুমে জড়ো হয়েছিলেন।
রোববার নেতানিয়াহু বলেন, সুদানসহ অন্যান্য মুসলমান দেশের সঙ্গে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দৃশ্যমান হচ্ছে। বরফের উপরিভাগে মাত্র ১০ শতাংশ রয়েছে। বাকিটা গলে গেছে। বড় পরিবর্তন আসছে।
