গত ৮ থেকে ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার একটি গির্জার সদস্যরা বিভিন্ন ইসরাইলি স্থপনা পরিদর্শন করেন। তাদের মধ্যে ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিজ দেশে ফিরে যান।
দক্ষিণ কোরিয়ার গির্জার সদস্যদের কাছাকাছি থাকায় প্রায় ২০০ শিক্ষার্থীকে বাড়িতে কোয়ারিন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে দখলদার ইসরাইল।দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ আরডেন হুশিয়ারি দিয়ে বলেন, কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অবৈধ রাষ্ট্রটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গির্জার সদস্যদের সংস্পর্শে আসা শিক্ষার্থীদের বাড়িতে সবার থেকে ১৪ দিন পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে, কোয়ারেন্টাইন অবস্থায় থাকতে বলা হয়েছে। যাদের মধ্যে বিভিন্ন স্কুলের ১৮০ শিক্ষার্থী, ১৮ শিক্ষক ও একজন প্রহরী রয়েছেন। তারা কোরীয় গির্জার সদস্যদের ঘনিষ্ঠ সংস্পর্শে গিয়েছিলেন।
গত শুক্রবার ইসরাইলে প্রথম জাপানের প্রমোদতরী থেকে দেশে ফেরত আসা কোনো করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়।শনিবার দক্ষিণ কোরিয়া থেকে যাওয়া ২০০ অ-ইসরাইলি পর্যটককে বিমান থেকে নামতে অনুমতি দেয়া হয়নি। এছাড়া সম্প্রতি কেউ জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, ম্যাকাউ, সিঙ্গাপুর ও থাইল্যান্ড ভ্রমণে গেলে তাদের ১৪ দিনের কোয়ারিন্টাইন আবশ্যিক করে দিয়েছে ইসরাইল।
রোববার কভিড-১৯ ভাইরাসের হুমকি নিয়ে এক বিশেষ বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, এই বড় ধরনের প্রতিকূলতাটি মোকাবেলায় মন্ত্রীদের একটি দলকে নিয়োগ দেয়া হয়েছ। করোনাভাইরাসের হুমকি মোকাবেলায় একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।- খবর এএফপি