সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ইসির উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত নির্দেশনাটি ৫১ জন প্রিজাইডিং অফিসারের কাছে পাঠানো হয়।
সামসুল আলম জানান, বিভিন্ন অনিয়মের কারণে প্রথম দফা নির্বাচনে ৬৫টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ১৪টি কেন্দ্র আছে। ওইসব কেন্দ্রের ১১টিতে পুলিশের গাফলতি থাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। তিনটি কেন্দ্রে পুলিশ অনিয়মকারীদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিল। এ ঘটনায় সাতক্ষীরার পুলিশ সুপার এবং পাঁচ থানার ওসিকে কমিশনে হাজির হয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
ভোটস্থগিতের ঘটনায় মামলা দায়ের নির্দেশনা সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জ্ঞাত বা অজ্ঞাত যেই হোক না কেন, জড়িত সব ব্যক্তিকে আসামি করে থানা মামলা রুজু করতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।
এজহারে চারটি তথ্য সন্নিবেশিত করার কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে- ঘটনাস্থল, ঘটনার সময়, ঘটনার বিবরণী ও ঘটনার জন্য দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট সব জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসার বরাবর পাঠানো ইসির নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে।
যেসব ইউপির কেন্দ্রগুলো নিয়ে মামলা করতে বলা হয়েছে সেগুলো হল- খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপল ইউপির দুটি, পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুরের দুটি, শিয়ালকাঠীর একটি, চিরাপাড়া-পারসাতুরিয়ার একটি, মঠবাড়ীয়া উপজেলার ধানী সাফার একটি, দাউদখালীর একটি, টিকিকাটার একটি, বড়মাছুয়ার একটি, ভাণ্ডরিয়ার ইকড়ির দুটি, লক্ষীপুরের কমলনগর উপজেলার পাটারিরহাটের একটি, বরগুনা সদরের এমবালিয়াতলীর একটি, ভোলা সদরের বাপ্তার দুটি, ধনিয়ার দুটি, দৌলতখানের চরখলিফার তিনটি, কুমিল্লার দেবিদ্বারের ফতেহাবাদের একটি, ভানীর একটি, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বরের দুটি, পটুয়াখালীর সদর উপজেলার মরিচবুনিয়ার একটি, কলাপাড়ার চাকামইয়া, দশমিনার তিনটি, ডাকুয়ার একটি, চর বিশ্বাসের তিনটি, কলাগাছিয়ার একটি, বাউফলের সুর্যমনির একটি ও নওমালার একটি, ব্রহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মানিকপুরের একটি, কক্সবাজারের মহেশখালীর বড়মহেশখালীর একটি, বরিশালের উজিরপুরের হারতার একটি, আগৈলঝাড়ার বাকালের একটি, বগধার একটি, সদর উপজেলার রায়পাশা-কড়াপুরের একটি, চরকাউয়ার একটি, বাকেরগঞ্জের চরামদ্দির একটি, নিয়ামতির একটি, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশার একটি, রহমতপুরের একটি, মেহেন্দীগঞ্জের চানপুরের একটি, বানারীপাড়ার সৈয়দকাঠীর একটি এবং সিলেট সদরের টুকের বাজার ইউপির একটি কেন্দ্র।
