স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তনু হত্যাকাণ্ডের বিচার হবে। এ ঘটনায় গোয়েন্দারা কাজ করছে। আমরা অনেক বড় বড় ঘটনার রহস্য বের করেছি। এটিরও রহস্য উদ্ঘাটন হবে। হয়তো একটু সময় লাগছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে একাত্তরে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় পুলিশের মহাপরিদর্শক উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘটনা যেখানে ঘটেছে সেখানে পুলিশ ও গোয়েন্দারা কাজ করছে। বিষয়টি তদন্তাধীন, আগাম মন্তব্য করা ঠিক হবে না।
এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরায় র্যাব সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক বেনজির আহমেদ তনু হত্যাকাণ্ডের বিষয়ে বলেন, শিগগিরই সুখবর দিতে পারব।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহানের (তনু) হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ চলছে। কুমিল্লায় দিনভর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলেছে গতকাল। শাহবাগে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। ঢাকার বাইরে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, বান্দরবান ও চাঁপাইনবাবগঞ্জে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বিকেলে কুমিল্লা জেলা কোর কমিটির বিশেষ সভা হয়েছে। পুলিশ গত পাঁচ দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। জেলা গোয়েন্দা (ডিবি) সংস্থার একটি দল এ হত্যাকাণ্ড নিয়ে কাজ করছে। তারাও এর কোনো কিনারা খুঁজে পাচ্ছে না।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতির খবর জানাতে পারছি না। আমরা কাজ করছি।’
তবে গতকাল রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী এ হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে।
২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহানের লাশ পাওয়া যায়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। নিহত শিক্ষার্থীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
