করোনা ভাইরাস প্রতিরোধে ৬৫০ কোটি ডলারের তহবিল গঠন এডিবির

করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন দেশ, প্রতিষ্ঠান সম্ভাব্য উদ্যোগ নিচ্ছে। তারই অংশ হিসেবে ভাইরাস প্রতিরোধে ৬৫০ কোটি ডলারের প্রাথমিক একটি তহবিল গঠন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (১৮ মার্চ) বিকেলে এডিবি’র সিনিয়র এক্সটার্নাল অফিসার গোবিন্দা বার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ৬৫০ কোটি ডলারের প্রাথমিক এই তহবিলের অর্থ ব্যাংকটির উন্নয়ন সহযোগী দেশগুলোতে সরবরাহ করা হবে।

বিজ্ঞপ্তিতে এডিবি’র প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এখন সবার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এটি প্রতিরোধ করতে দরকার জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে জোরদার পদক্ষেপ।  পরে যদি আরো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় তাহলে এডিবি তা সরবরাহ করবে।

মাত্র তিন মাসে বিশ্বের ১৬৯ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।  ছড়িয়ে পড়ার পাশাপাশি ভাইরাসটি প্রতিনিয়ত বাড়িয়ে যাচ্ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।  ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আট হাজার দুইশর বেশি মানুষের মৃত্যু হয়েছে।  আর আক্রান্তের সংখ্যা দুই লাখের বেশি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.