সামাজিক দূরত্ব এবং লকডাউনের মতো পদেক্ষপ গ্রহণের কারণে জীবিকার ঝুঁকিতে পড়া দরিদ্র পরিবারগুলোকে খাবার কেনার সহায়তা দিতে ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে ব্র্যাক। মহানগর ও নগর এলাকার বস্তি, উপশহর এলাকা এবং দুর্গম অঞ্চলের পরিবারগুলোর জন্য এ সহায়তা প্রদান করা হবে।
আজ বৃহস্পতিবার ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। আজ থেকেই দরিদ্র পরিবারগুলোকে নগদ ১৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে ১ লাখ পরিবারকে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হবে। ব্র্যাকের চারটি উন্নয়ন কর্মসূচি, যথা আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আলট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, সমন্বিত উন্নয়ন কর্মসূচি এবং হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্র্যাকের এই সহায়তা চার সদস্যের একটি পরিবারকে দুই সপ্তাহের জন্য ন্যূনতম খাদ্য উপকরণ কিনতে সাহায্য করবে। ১২টি সিটি করপোরেশন, ৮টি পৌরসভা, ৩৮টি সদর উপজেলা, হাওর, নদীবন্দর এবং বাজারহাট এলাকা ও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশের পাড়াগুলোতে বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠীর পরিবারগুলো এ সহায়তা পাবেন। কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত ব্র্যাকের কর্মীবাহিনী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, আমাদের জরুরি সহায়তার লক্ষ্য নিম্নআয়ের পরিবারে যারা করোনাভাইরাসের প্রকোপে আয়ের উৎস হারিয়েছেন। আমরা ১ লাখ পরিবারকে সহায়তা দিচ্ছি যদিও প্রয়োজন আরো অনেক বেশি পরিবারের। আমি তাই সহানুভূতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারাও এগিয়ে আসেন। তাদের সাহায্যে আমরা আরো অনেক বিপন্ন পরিবারের কাছে পৌঁছাতে পারব।
ব্র্যাকের নির্বাহী পরিচালক জানান, অর্থ প্রদানের এই কার্যক্রম স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে, যাতে একই পরিবারের কাছে একাধিকবার সাহায্য না যায় এবং যথাসম্ভব বেশি সংখ্যক অতিদরিদ্র পরিবারের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হয়।
আরো বেশি সংখ্যক অতিদরিদ্র পরিবারের কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে তহবিল সংগ্রহের জন্য একটি উদ্যোগও গ্রহণ করেছে ব্র্যাক, যার বিস্তারিত পাওয়া যাবে ব্র্যাকের ওয়েবসাইটে: : https://www.brac.net/covid19/donate/.
মাঠপর্যায়ে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম ব্যবহার করেও ব্র্যাক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। এতে যুক্ত হয়েছেন দেশের প্রখ্যাত চিকিৎসক, নীতিনির্ধারক ও শিল্পীবৃন্দ এবং ব্র্যাকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে করোনাভাইরাস প্রতিরোধে ব্র্যাক পরিচালিত পোর্টাল দেখুন http://www.brac.net/covid19/.