প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত ব্যাচভিত্তিক নিয়োগ চান বেকার নার্সদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস)।
রোববার (০৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ থেকে এমন দাবি জানান সংগঠন দু’টির নেতারা।
বিবিজিএনএস’র সভাপতি রাজিব কুমার বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সৃজিত ‘সিনিয়র স্টাফ’ নার্সের ১০ হাজার পদ ও বর্তমান শূন্য তিন হাজার ৭২৮টি পদসহ মোট ১৩ হাজার ৭২৮টি পদের মধ্যে ৮৯ শতাংশ পদ ডিপ্লোমা-ইন-নার্সিং ডিগ্রিধারী রেজিস্ট্রার্ড নার্সদের এবং ১১ শতাংশ পদ বেসিক বিএসসি-ইন-নার্সিং ডিগ্রিধারী রেজিস্ট্রার্ড নার্সদের মধ্য থেকে পূরণ সাপেক্ষে অতি দ্রুত নিয়োগ বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে সরকারি পর্যায়ে নার্সিং কর্মকর্তার ব্যাপক ঘাটতি থাকার পরও বর্তমানে ডিপ্লোমা-ইন-নার্সিং ডিগ্রিধারী এবং বিএসসি-ইন-নার্সিং ডিগ্রিধারী বেকার নার্সের সংখ্যা ২১ হাজার ৫০০।
বিডিবিএনএ’র ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার বলেন, ২৮ মার্চ ২০১৬ তারিখের মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে আকস্মিকভাবে আমাদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সিনিয়র স্টাফ নার্সের ৩ হাজার ৬১৬টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমরা ঘৃণাভরে এ প্রহসনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাক্ষাণ করেছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।
উভয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায়ে ৪ এপ্রিল ২০১৬ সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।