বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে ডাকা সমাবেশে পুলিশের সাথে পক্ষে-বিপক্ষের ত্রিপক্ষীয় সংঘর্ষে চারজন নিহতের প্রতিবাদ জানিয়ে সেখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ‘বাঁশখালী সচেতন নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদ’।
মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ‘বাঁশখালী খেটে খাওয়া মানুষ অন্যায়ের প্রতিবাদ করায় পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী কর্তৃক নির্বিচারে যেভাবে মানুষ হত্যা করেছে বিশ্ববাসী তা অবলোকন করেছে। এখনও পর্যন্ত সরকার নিহত এবং আহতদের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। তাই অবিলম্বে সরকারের প্রতি জোর দাবি যথাযথ পদক্ষেপের মাধ্যমে পরিবেশ ধংসকারী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনার থেকে বের হয়ে এসে বাঁশখালীর আপামর জনগণের জানমালের রক্ষার আহ্বান জানাচ্ছি।’
পরিষদের সভাপতি এইচ এম আলী আজগর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এম এ মালেক, এইচ এম ওসমান গণি সিকদার, এইচ এম নিজামুদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ গিয়াস উদ্দিন জাহেদ প্রমুখ।
এদিকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি চট্টগ্রামের নেতৃবৃন্দ বাঁশখালী গন্ডমারা ইউনিয়নে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় অবিলম্বে হোতাদের গ্রেফতার ও বিচার এবং এস আলম গ্রুপের কথিত বিদ্যুৎ প্রকল্প বিনাশর্তে বাতিলের দাবি করেছেন।
সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘কয়লা ভিত্তিক বিদ্যুাৎ প্রকল্প বাতিল ও ভিটেমাটি রক্ষার দাবীতে গণ্ডমারা ইউনিয়নে হাজার হাজার মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভের উপর নির্বিচারে গুলি করে লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হয়েছে। বাস্তবে শান্তি শৃঙ্খলা রক্ষা নই। গণআন্দোলনে প্রকল্পটি বাতিলের আশংকাতেই এই আক্রমণ চালানো হয়েছে বলেই বক্তারা অভিযোগ করেন।
তারা বলেন, ভারত ও চীনে ইতিমধ্যে পরিবেশ বিধ্বংসী হওয়ার কারণে কয়লা বিদ্যুাৎ প্রকল্পগুলো বাতিল হচ্ছে আর এখানে দেশীয় ক্ষতিপয় মুনাফাখোরের লাভের স্বার্থে এই প্রকল্পগুলো আমদানি করা হচ্ছে। সুন্দরবন, বাঁশখালী, মহেশখালী, রামপাল সহ কোথাও এদেশের দেশপ্রেমিক মানুষ এধরনের প্রকল্প বাস্তবায়ন হতে দিবে না।
সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, গনমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা কমরেড নাসির উদ্দিন নাসু, ভাসানী ফাউন্ডেশনের আহবায়ক সিদ্দিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হাসান মারুফ রুমী, বাসদ নেতা মহিনউদ্দিন, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক অপু দাশ গুপ্ত, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি শিমুল কান্তি বৈষ্ণ্যব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফেডারেশন সভাপতি ফরহাদ জামান জনি, সমাবেশ পরিচালনা করেন রবিউল হোসেন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।