বেড়েছে ফ্লাইট ওঠা-নামা, ফের প্রাণচঞ্চল শাহজালাল বিমানবন্দর

একদিনেই ৮টি ফ্লাইট ওঠানামা করেছে

করোনার সময়ে লকডাউনের মাঝেও হঠাৎ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।গতকাল রবিবার একদিনেই ৮টি ফ্লাইট ওঠানামা করেছে এখানে। এর মধ্যে একটি ছিল সিডিউল ফ্লাইট- বাকিগুলো স্পেশাল। একটি ফ্লাইটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্যে পাঠানো হয়েছে উপহারসামগ্রী। এদিন যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, বাহরাইন, কাতার ও কোরিয়ার মতো দেশগুলোতে এসব ফ্লাইট অপারেট করা হয়েছে। লকডাউনের পর রবিবারই এক সঙ্গে প্রথম এতগুলো ফ্লাইট অপারেট করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগের মতোই প্রাণচাঞ্চল্য ফিরে আসে। বেবিচক সূত্র জানিয়েছে, এখন থেকে প্রতিদিন বাড়তে থাকবে এ ধরনের ফ্লাইট পরিচালনার সংখ্যা।

বেবিচক সূত্র জানায়, প্রথম ফ্লাইটে বাংলাদেশ বিমান বাহিনীর ভাড়া করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১৫৪ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে ছিল যুক্তরাজ্যের জন্য পাঠানো বেশ কিছু উপহারসামগ্রী। ওই ফিরতি ফ্লাইটেই যুক্তরাজ্যে পড়তে যাওয়া ১৩০ জনের বেশি শিক্ষার্থী দেশে ফেরত আসছেন। আজ সোমবার সকালে লন্ডন থেকে ১১৪ জন বাংলাদেশি নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে ফ্লাইটটি।

গতকাল বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিন শতাধিক কানাডার নাগরিক।

একই দিন ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি সিডিউল ফ্লাইটে চীনের ১১৭ জন নাগরিক ঢাকা থেকে গুয়াংজু গেছেন।

এদিকে রবিবার কলকাতা, চেন্নাই, কাতার, কোরিয়া ও বাহরাইন থেকে ঢাকায় আসেন বিপুলসংখ্যক যাত্রী। তাদের মধ্যে বেশির ভাগই বাংলাদেশী।

কাতার থেকে কাতার এয়ারওয়েজের একটি স্পেশাল ফ্লাইটে আসেন মাত্র দুই নাগরিক। বাহরাইন থেকে বাহরাইনের একটি ফ্লাইটে আসেন ৫৮ বাংলাদেশী নাগরিক। একইভাবে বিশেষ ফ্লাইটে কোরিয়া থেকে আসেন ৬২ বাংলাদেশী। বিকেলে কলকাতা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসেন ৭৪ জন বাংলাদেশী। একইদিন দুপুরে চেন্নাই থেকে একটি স্পেশাল ফ্লাইটে ১৬৪ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনে ইউএস বাংলার ফ্লাইট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.